এবারের শারদীয় দুর্গোৎসব ঘিরে দীর্ঘ ছুটির সুযোগ কাজে লাগিয়ে শহর ছেড়ে গ্রামের বাড়ি ছুটছেন মানুষ। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ছুটি থাকায় পরিবার নিয়ে গ্রামের বাড়িতে যাওয়ার সুযোগ পাচ্ছেন চাকরিজীবী ও শিক্ষার্থীরা।
এ বছর দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি বাড়ানো হয়েছে। আজ ২০ অক্টোবর থেকে শুরু হয়ে ২২ অক্টোবর পর্যন্ত তিন দিনের সরকারি ছুটির সঙ্গে ২৩ ও ২৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন টানা পাঁচ দিনের অবকাশ। এর বাইরে সনাতন ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা–কর্মচারীদের জন্য রয়েছে ঐচ্ছিক ছুটির সুযোগ। গতকাল দুপুরের পর থেকে চট্টগ্রাম শাহ আমানত সেতু এলাকায় দক্ষিণ চট্টগ্রামগামী বাস, জিপ, সিএনজিগুলোর সীমাহীন ভিড়। একই অবস্থা দেখা গেছে বহদ্দারহাট বাস টার্মিনাল, কাপ্তাই রাস্তার মাথা এবং অঙিজেন মোড় এলাকায়ও। বাস, সিএনজি, মাইক্রোবাস, প্রাইভেটকারে করে লোকজন গ্রামের পথে ছুটছেন মানুষ। বিকালের পর থেকে গাড়ির জন্য হাহাকার শুরু হয়। সিএনজিতে করে হাজার হাজার যাত্রী যাচ্ছেন। বাসগুলো আসার সাথে সাথে ভর্তি হয়ে যাচ্ছে।
সিএনজিতে বাড়তি ভাড়া আদায়ে যাত্রীদের বিস্তর অভিযোগ। যার থেকে যেভাবে পারছে সেই ভাবেই ভাড়া আদায় করছেন বলে অভিযোগ করেছেন যাত্রীরা।
অনেকেই পরিবার পরিজন নিয়ে দীর্ঘ ৫ দিনের ছুটিতে যাচ্ছে পর্যটন নগরী কঙবাজার–সিলেটসহ তিন পার্বত্য জেলার পর্যটন স্পটগুলোতে। কঙবাজার এবং সিলেট রুটের ট্রেনের টিকিটের জন্য হাহাকার চলছে। অনলাইনে টিকিট ওপেন হওয়ার আধঘন্টার মধ্যেই কঙবাজারগামী তিনটি আন্ত:নগর ট্রেনের টিকিট শেষ হয়ে গেছে বলে স্টেশন মাস্টার ও ম্যানেজার জানিয়েছেন। এদিকে সিলেটগামী ট্রেনের টিকেট যেন সোনার হরিণ। এক জোড়া ট্রেন চলাচল করে। এই রুটের সারা বছরই ট্রেনের টিকিটের হাহাকার লেগে থাকে। দুর্গাপূজা একটানা ৫দিন ছুটি উপলক্ষে অনেক আগেই ট্রেনের টিকিট শেষ হয়ে গেছে। এদিকে চট্টগ্রাম থেকে দক্ষিণ ও উত্তর চট্টগ্রামগামী বাসগুলোতে সারাদিনই বাড়ি ফেরা মানুষের উপচেপড়া ভিড় ছিল।
সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাপ্তাহিক ছুটি ও পূজার ছুটি মিলিয়ে টানা ১০ দিন শ্রেণি কার্যক্রম বন্ধ থাকছে।
ফলে যেসব পরিবারের সন্তান স্কুল–কলেজে পড়ে, তাদের অনেকেই দীর্ঘ সময় একসঙ্গে কাটানোর সুযোগ পাচ্ছেন। লম্বা ছুটি পেয়ে আগেই গ্রামের বাড়ির উদ্দেশ্যে চট্টগ্রাম শহর ছেড়েছেন অনেকেই। পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, ছুটির কারণে যাত্রীচাপ স্বাভাবিক দিনের চেয়ে অনেক বেশি।












