প্লেয়ার ড্রাফট থেকে বেরিয়ে এখন নিলামের যুগে ঢুকতে যাচ্ছে দা হান্ড্রেড। প্রথমবারের মতো অনুষ্ঠেয় ইংল্যান্ডের একশ বলের টুর্নামেন্টের নিলামের জন্য নিবন্ধন করেছেন মোস্তাফিজুর রহমান। বাংলাদেশের তারকা পেসার আছেন সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটেগরিতে। নিলামের জন্য নিবন্ধন করা ৭১০ জনের একটি তালিকা গতকাল শুক্রবার প্রকাশ করেছে দা হান্ড্রেড। যেখানে বাংলাদেশের ক্রিকেটার আছেন মোট ২৩ জন। আগামী মার্চে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে দা হান্ড্রেডের নিলাম অনুষ্ঠান। এক লাখ পাউন্ডের ভিত্তিমূল্যে আছেন মোস্তাফিজ। এই তালিকায় আরও আছেন ২৯জন ক্রিকেটার। দ্বিতীয় সর্বোচ্চ ৭৫ হাজার ভিত্তিমূল্যে বাংলাদেশের আছেন কেবল লেগ স্পিনার রিশাদ হোসেন। বাংলাদেশের বাকি ২১ জন ক্রিকেটারেরই জায়গা হয়েছে ৩১ হাজার পাউন্ডের ভিত্তিমূল্যের ক্যাটেগরিতে। যেখানে আছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ ও তাইজুল ইসলাম, পেসার তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রিপন মণ্ডল, নাহিদ রানা ও তানজিম হাসান, কিপার–ব্যাটসম্যান জাকের আলি ও লিটন দাস, স্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদি হাসান ও মেহেদী হাসান মিরাজ, ব্যাটসম্যান তানজিদ হাসান, সাইফ হাসান, শামীম হোসেন, পারভেজ হোসেন, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মোহাম্মদ নাঈম শেখ, সাব্বির রহমান ও সৌম্য সরকার।











