তুলসীধামের কেন্দ্রীয় রথযাত্রা উৎসবের ব্যাপক প্রস্তুতি

| শনিবার , ১১ জুলাই, ২০২৬ at ১১:০২ পূর্বাহ্ণ

চট্টগ্রামে কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন কমিটির উদ্যোগে শতাব্দীপ্রচীন তিনশ বছরের ঐতিহ্যবাহী তুলসীধামের শ্রীশ্রী জগন্নাথদেবের কেন্দ্রীয় রথযাত্রা উৎসবমুখর পরিবেশে উদযাপনের ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

আগামী ১৬ জুলাই (বৃহস্পতিবার) বিকাল ৩টায় নন্দনকানন রথের পুকুর পাড় থেকে কেন্দ্রীয় রথযাত্রা উৎসবের বর্ণাঢ্য উদ্বোধন পরবর্তী পরিক্রমায় যোগ দেবে নগরের ১২টি আঞ্চলিক কমিটির রথসহ বিভিন্ন মঠ-মন্দিরের রথ।

শতাব্দীপ্রচীন এই ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসবের সার্বিক প্রস্তুতি নিয়ে শনিবার (১১ জুলাই) সকাল ১১টায় নন্দনকানন তুলসীধামে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য দেন ঋষিধাম অধিপতি ও তুলসীধামের মোহন্ত দেবদীপ মিত্র চৌধুরী পুরী মহারাজ।

এসময় লিখিত বক্তব্যে কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি হিরন্ময় ধর বলেন, তুলসীধামের রথযাত্রা তিনশ বছরের প্রাচীন। ১৮শ খ্রিস্টাব্দের পর থেকে চট্টগ্রামে শুরু হয় রথযাত্রা উৎসব। কালের পরিক্রমায় এটি কেন্দ্রীয় রথযাত্রায় রূপ নিয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন কমিটির প্রধান সমন্বয়কারী অধ্যাপক প্রণব মিত্র চৌধুরী, সাধারণ সম্পাদক বিধান ধর, অর্থ সম্পাদক সুজিত হাজারী, সহ সভাপতি তপন ধর (টি.কে), সমন্বয়কারী শ্যামদাশ ধর, সহ সমন্বয়কারী অ্যাডভোকেট সুজন কান্তি দে, প্রবীর দাশ, আশুতোষ দেবসহ ১২টি আঞ্চলিক রথের প্রতিনিধিসহ শ্রীশ্রী তুলসীধাম পরিচালনা পরিষদ এবং অদ্বৈত-অচ্যুত মিশন, বাংলাদেশের কর্মকর্তা ও ভক্তরা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতি বছরের ন্যায় এবারও রথের পুকুর পাড় থেকে নগরের বেশকিছু রথ নিয়ে বর্ণাঢ্য আয়োজনে রথপরিক্রমা হবে। এর মধ্যে আছে- শ্রীকৃষ্ণায়ন এর রথ, মনোহরখালী জগন্নাথদেবের মন্দিরের রথ, মাইজপাড়ার জগন্নাথদেবের রথ, শাহাজীপাড়ার জগন্নাথদেবের রথ, ফিরিঙ্গীবাজার টেকপাড়ার রথ, এনায়েতবাজার কেদারনাথ তেওয়ারী কলোনির জগন্নাথদেবের রথ, টাইগারপাস জগন্নাথ সংঘের রথ, গঙ্গাবাড়ী শ্রীশ্রী জগন্নাথদেবের রথ, পূর্ব মাদারবাড়ীর জগন্নাথদেবের রথ, সদরঘাট জেলে পাড়ার রথ।

বক্তব্যে আরও বলা হয়, সম্প্রীতির বন্ধনে আবদ্ধ চট্টগ্রামে এই রথযাত্রা ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সহযোগিতায় অনুষ্ঠিত হয়ে আসছে। এবারের কেন্দ্রীয় রথযাত্রার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

এছাড়া উপস্থিত থাকবেন রাষ্ট্রীয় অতিথি ও রাজনৈতিক নেতৃবৃন্দ। তুলসীধামে জগন্নাথদেবের স্নানযাত্রার পর থেকে ১৫দিন ধরে চলমান রয়েছে অদ্বৈত-অচ্যুত চিকিৎসক ফোরামের চিকিৎসাসেবা ক্যাম্প। তুলসীধাম মদনমোহন মন্দিরে ১৬ জুলাই চলবে পূজার্চনা।

আয়োজকরা জানান, নন্দনকানন রথের পুকুর পাড়ে একসময় নগরের সবগুলো রথ এনে রাখা হতো। রথযাত্রা উপলক্ষে এখানে বসতো মেলা। তাই এলাকাটি এই নামে পরিচিতি পায়। বর্তমানে পুকুর ভরাট হয়ে সেখানে গড়ে উঠেছে বহুতল ভবন ও দোকানপাট। ফলে বিভিন্ন মন্দিরের রথগুলো পরিক্রমা শেষে আর সেখানে রাখা যায় না, উল্টো রথযাত্রার আগে পুনরায় মন্দির থেকে আনতে হয় রথ। সরকারের কাছে সনাতন ধর্মাবলম্বীদের সেই ঐতিহ্য ফিরিয়ে দেওয়ার দাবি জানান তারা।

১৬ জুলাই কেন্দ্রীয় রথযাত্রা রথের পুকুর পাড় থেকে শুরু হয়ে রাইফেল ক্লাব, আমতল, নিউ মার্কেট মোড়, জিপিও, কোতোয়ালীর মোড়, কোর্ট বিল্ডিং মুখ, লালদীঘির উত্তর পাড়, বক্সির বিট, আন্দরকিল্লা, জেএমসেন হল, চেরাগি পাহাড়, জামালখান মোড়, সার্সন রোড, কাজীর দেউড়ি, নেভাল এভিনিউ, লাভ লেইন, বৌদ্ধ মন্দির, নন্দনকানন ১ নম্বর গলির মুখ হয়ে তুলসীধামের সামনে পরিক্রমা শেষ করবে।

পূর্ববর্তী নিবন্ধশ্রমিক নেতা হাজী কামাল উদ্দিন
পরবর্তী নিবন্ধজলাবদ্ধতা ও পাহাড়ধসে প্রাণহানিতে সিপিবি চট্টগ্রাম জেলা শাখার উদ্বেগ