তিন শিক্ষার্থী ঘুরতে যাচ্ছিল পার্কে, স্কুলে পাঠালেন ইউএনও

চন্দনাইশ প্রতিনিধি | শুক্রবার , ৪ সেপ্টেম্বর, ২০২৬ at ৭:৫৩ পূর্বাহ্ণ

স্কুলের ইউনিফর্ম পড়ে বাড়ি থেকে বের হয়েছিল তিন শিক্ষার্থী। কিন্তু স্কুলে না গিয়ে তারা ঘুরতে যাচ্ছিল পার্কে। এজন্য তারা ব্যাগে নিয়েছিল কিছু জামাকাপড় ও দুপুরের কিছু খাবার। কিন্তু তাদের পরিকল্পনা ভেস্তে গেল ইউএনও’র হস্তক্ষেপে। তিন বান্ধবীকে পাঠানো হলো স্বস্ব শিক্ষা প্রতিষ্ঠানে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে চন্দনাইশের কাঞ্চনাবাদ এলাকার এ ঘটনা বেশ সাড়া জাগিয়েছে স্থানীয় জনগণের মধ্যে। স্থানীয় অভিভাবকরা ধন্যবাদ জানিয়েছেন ইউএনওকে। বিষয়টি অন্যান্য শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন করবে মনে করেন তারা।

চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুর রহমান জানান, তিনি বেলা সাড়ে ১১টার দিকে সামপ্রতিক বন্যায় আশ্রয়ণের ঘরের ক্ষয়ক্ষতি দেখে নিজ অফিসে ফিরছিলেন। পথিমধ্যে সড়কের উপর স্কুল ড্রেস পরিহিত তিন শিক্ষার্থীকে দাঁড়িয়ে থাকতে দেখে গাড়ি থামিয়ে তাদের সাথে কথা বলেন। এসময় তারা স্থানীয় একটি পার্কে ঘুরতে যাওয়ার কথা শিকার করে। পরে স্থানীয় মহিলা মেম্বারের সহযোগিতায় তাদেরকে কাঞ্চনাবাদ ইউনিয়ন পরিষদে নিয়ে আসা হয় এবং ডাকা হয় তাদের অভিভাবক এবং বিদ্যালয়ের শিক্ষকদেরকে। এসময় সবার উপস্থিতিতে তিন শিক্ষার্থী নিয়মিত স্কুলে যাওয়ার মুচলেকা দেয়। পরে তাদের বিদ্যালয়ে ফেরত পাঠানো হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুর রহমান বলেন, বিদ্যালয় ফাঁকি দিয়ে পার্কে ঘুরতে যাওয়াটা তাদের জীবনে দুর্ঘটনা বয়ে আনতে পারতো। তিনি শিক্ষার্থীদের অভিভাবক ও শিক্ষকদের এ বিষয়ে আরো সচেতন হওয়ার অনুরোধ জানান।

পূর্ববর্তী নিবন্ধসোনাদিয়া চ্যানেলে মাছ ধরার ট্রলারডুবি,দুই জেলের মৃত্যু
পরবর্তী নিবন্ধহাসিনা-রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা