যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে তার প্রশাসন তিন লাখের বেশি ভিসা বাতিল করেছে বলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। ট্রাম্পের অধীনে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার অভিবাসন বিষয়ে কঠোর দমনমূলক অভিযান চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে ভিসা বাতিলের হার যে আরও বেড়েছে তা মঙ্গলবার মন্ত্রণালয়টির প্রকাশ করা সংখ্যায় স্পষ্ট হয়েছে। খবর বিডিনিউজের।
এর আগে ১০ আগস্ট মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, ২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্পের বর্তমান মেয়াদ শুরুর পর থেকে তখন পর্যন্ত এক লাখ ৭৫ হাজারেরও বেশি ভিসা বাতিল করা হয়েছিল। প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, অভিবাসন সংক্রান্ত কঠোর পদক্ষেপ ও অবৈধ অভিবাসীদের বহিষ্কারের মতো পদক্ষেপের লক্ষ্য হলো অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করা।
কিন্তু মানবাধিকার কর্মীরা বলছেন, ট্রাম্প প্রশাসনের কঠোর এই পদক্ষেপগুলো যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে করা হয়নি আর এগুলো বাকস্বাধীনতার অধিকারকে ক্ষুণ্ন করেছে। তাদের অভিযোগ, এই দমনাভিযান বিশেষ করে জাতিগত সংখ্যালঘুদের জন্য একটি অনিরাপদ পরিবেশ তৈরি করছে।












