বৈরী আবহাওয়ার কারণে দেশের বিভিন্ন রুট থেকে ঢাকাগামী ৫টি ফ্লাইট ডাইভার্ট হয়ে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। বিমানবন্দর সূত্র জানায়, ডাইভার্ট হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ২টি আন্তর্জাতিক ও ৩টি অভ্যন্তরীণ ফ্লাইট রয়েছে। এর মধ্যে ইউএস–বাংলা এয়ারলাইনসের কক্সবাজার–ঢাকা, সিঙ্গাপুর–ঢাকা এবং মালে (মালদ্বীপ)-ঢাকা রুটের তিনটি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করে। এছাড়া নভোএয়ারের সৈয়দপুর–ঢাকা রুটের একটি ফ্লাইটও একই কারণে চট্টগ্রামে নামতে বাধ্য হয়। অন্যদিকে এয়ার অ্যাস্ট্রার চট্টগ্রাম–ঢাকা রুটের একটি ফ্লাইট উড্ডয়নের পর প্রতিকূল আবহাওয়ার কারণে পুনরায় চট্টগ্রামে ফিরে আসে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় রেখেই এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্লাইটগুলো পুনরায় গন্তব্যে পাঠানো হবে। উল্লেখ্য, ঢাকায় গতকাল তুমুল বৃষ্টি হয়েছে। এতে দৃষ্টিসীমা একেবারে তলানিতে নেমে আসায় ফ্লাইট অবতরণ সম্ভব হয়নি।
রাতে শেষ খবরে জানা গেছে, ইউএস–বাংলা এয়ারলাইনসের মালে (মালদ্বীপ –ঢাকা) ফ্লাইট ব্যতীত অন্য ৪টি ডাইভার্ট হওয়া ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে।











