দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে এক হাজার ৭৫৩ জনের হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর; যা চলতি বছর একদিনে রোগী ভর্তির হিসেবে সর্বোচ্চ। সরকারি হিসাব অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ১৭১ জনের মৃত্যু হল। এর মধ্যে চলতি সেপ্টেম্বরেই প্রাণ গেছে ৭৪ জনের; যা মাসের হিসাবে চলতি বছরের মধ্যে সর্বোচ্চ। খবর বিডিনিউজের।
স্বাস্থ্য অধিদপ্তরের বুধবারের বুলেটিনে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এ রোগে সবচেয়ে বেশি ৩ জনের প্রাণহানি হয়েছে খুলনা বিভাগে। এছাড়া চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ ও রংপুর বিভাগে ১ জন করে মারা গেছে।












