ডায়াগনস্টিক সেন্টারের কক্ষে যুবকের লাশ, অচেতন বন্ধু

ফটিকছড়ির দাঁতমারা

ফটিকছড়ি প্রতিনিধি | সোমবার , ৬ এপ্রিল, ২০২৬ at ৬:০৬ পূর্বাহ্ণ

ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের হেয়াকোঁ এলাকায় হেয়াকোঁ পল্লী ডায়াগনস্টিক সেন্টারের একটি কক্ষ থেকে রাশেদুল আনোয়ার টিপু (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। একই স্থান থেকে আরমান (২৬) নামে আরেক যুবককে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি নিহত টিপুর বন্ধু। গতকাল রোববার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত রাশেদুল আনোয়ার টিপু দাঁতমারা ইউনিয়নের মুহাম্মদপুর এলাকার বাসিন্দা।

ভূজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে বলেন, ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক বসার একটি রুমে রাতে রাশেদুল ও আরমান ছিলেন। সকালে সেখানকার কর্মচারীরা এসে কক্ষটি খুলতে গেলে ভেতর থেকে আটকানো দেখতে পান। ভেতরে দুজনকে শুয়ে থাকতে দেখে ডাকাডাকির পরও সাড়া না পেয়ে সেখানকার কর্মীরা বাজার থেকে মিস্ত্রি ডেকে আনেন। এরপর দরজা কেটে ভেতরে ঢুকে পুলিশকে খবর দেন। রাশেদুল ও আরমানের শরীরে কোনো জখমের চিহ্ন নেই। আরমানকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রাশেদুলের লাশ ময়নাতদন্ত করানো হবে।

তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষক্রিয়ার ঘটনা হতে পারে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে। এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।

নিহত রাশেদুল আনোয়ার টিপু স্থানীয়ভাবে ছাত্রদলের সাথে সম্পৃক্ত ছিলেন বলে জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধপাঁচজনের মৃত্যুদণ্ড
পরবর্তী নিবন্ধসিডিএ কর্পোরেট শাখার সাবেক গাড়িচালকের যাবজ্জীবন