প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আইসল্যান্ডসহ কয়েকটি দেশকে যুক্তরাষ্ট্রের পতাকায় ঢেকে দেওয়া এক বিতর্কিত মানচিত্র পোস্ট করার পর মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে আইসল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর বিডিনিউজের।
সোমবার ট্রাম্প তার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশালে কোনো ব্যাখ্যা ছাড়াই একটি মানচিত্রের ছবি পোস্ট করেন। ওই ছবিতে যুক্তরাষ্ট্রের পাশাপাশি কানাডা, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, মেক্সিকো, মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলকে মার্কিন পতাকায় ঢেকে দিয়ে পুরো ভূখণ্ডকে ইউনাইটেড স্টেটস অব আমেরিকা বা যুক্তরাষ্ট্র হিসেবে চিহ্নিত করা হয়। আইসল্যান্ডের স্থানীয় সমপ্রচারমাধ্যম আরইউভি জানিয়েছে, দেশটির পররাষ্ট্রমন্ত্রী থোরগেরদুর গুনারসদোতির গত মাসে দায়িত্ব নেওয়া মার্কিন রাষ্ট্রদূত বিলি লং–কে তলব করেন।
আরইউভিকে আইসল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সোশ্যাল মিডিয়ার ওই পোস্টটি পুরোপুরি অনুপযুক্ত ছিল, অবস্থানটি স্পষ্টভাবে মার্কিন রাষ্ট্রদূতের কাছে ব্যক্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়, রেইকিয়াভিক, ডেনমার্কের মার্কিন দূতাবাস বা গ্রিনল্যান্ডের মার্কিন কন্স্যুলেট রয়টার্সের মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। আইসল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ও মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। যুক্তরাষ্ট্র অবশ্যই গ্রিনল্যান্ডকে অধিকার করবে, সমপ্রতি এমন কথা বলে আসছেন ট্রাম্প।











