কক্সবাজারের টেকনাফ উপকূল থেকে অর্ধগলিত অবস্থায় অজ্ঞাত এক লাশ পাওয়া গেছে; যিনি রোহিঙ্গাবাহী ট্রলারডুবির ঘটনায় নিখোঁজদের একজন হতে পারেন বলে ধারণা স্থানীয়দের।
গতকাল শনিবার দুপুর ১টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়া এলাকার বেড়িবাঁধ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম।
শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়ার ট্রলার মালিক সমবায় সমিতির সভাপতি আবদুল গফুর বলেন, সাগরের জোয়ারের স্রোতে ভেসে আসা মৃতদেহটি বেড়িবাঁধের ব্লকের সঙ্গে আটকে ছিল। পরে দুর্গন্ধ পেয়ে কয়েকজন ঘটনাস্থলে গিয়ে লাশ দেখে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে জানান। খবর বিডিনিউজের।
সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তিনি টেকনাফ মডেল থানায় বিষয়টি জানান। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে নিয়ে যায়। তার ধারণা, লাশটি রোহিঙ্গা কোনো ব্যক্তির হতে পারে। তবে পরিচয় নিশ্চিত করা যায়নি।
শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়ার বাসিন্দা আব্দুল আমিন বলেন, সমপ্রতি সাগরে রোহিঙ্গাবাহী ট্রলারডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় ১৮ জনকে উদ্ধার করা হলেও ১৪ জন নিখোঁজ রয়েছে। লাশটি নিখোঁজ কোনো রোহিঙ্গার হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ওসি সাইফুল ইসলাম বলেন, পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ নির্ধারণে ময়নাতদন্তের জন্য লাশটি কঙবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বিস্তারিত জানা যাবে।
গত শুক্রবার মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় টেকনাফ উপকূলে রোহিঙ্গাবাহী একটি ট্রলার ডুবে যায়। এ ঘটনায় ১৪ জন নিখোঁজ রয়েছেন। উদ্ধার হওয়া মৃতদেহটি সেই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কিনা, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলে জানায় পুলিশ।











