কক্সবাজারের টেকনাফ ও উখিয়া সীমান্তে এক রাতে পৃথক দুটি অভিযানে ১৩ কোটি ৮০ লাখ টাকা মূল্যের ৪ লাখ ৬০ হাজার ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় চারজনকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম এসব তথ্য জানান। এ সময় ক্যাপ্টেন মাহরাফ জামান উপস্থিত ছিলেন।
বিজিবি সূত্র জানায়, সোমবার রাত ৮টা ১০ মিনিটে টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টে তল্লাশি চালিয়ে একটি ডাবল কেবিন পিকআপ থেকে ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। টেকনাফ থেকে চট্টগ্রামগামী পিকআপটির পেছনের সিট কভারের নিচে বিশেষ কৌশলে ইয়াবাগুলো লুকিয়ে রাখা হয়েছিল। এ ঘটনায় পিকআপের চালক মো. সাইফুল ইসলামকে (৩১) আটক করা হয়। জব্দ করা হয় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ও একটি মুঠোফোন।
একই রাতে উখিয়ার পালংখালী সীমান্তবর্তী উলুবুনিয়া মাঝের কাঠি এলাকায় অভিযান চালায় বিজিবির একটি বিশেষ টহল দল। এ সময় মিয়ানমার থেকে পোঁটলা হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করা তিনজনকে চ্যালেঞ্জ করলে তারা পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া দিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন উখিয়ার কাটাখাল এলাকার রাসেল (২৩) ও শাকিল (২২) এবং ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি ব্লকের বাসিন্দা খাইরুল আমিন (২৪)। পরে তাদের বহন করা পোঁটলা তল্লাশি করে ৩৪ কার্টনে ৩ লাখ ৪০ হাজার ইয়াবা পাওয়া যায়। লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, গত এক বছরে নাফ নদী এবং টেকনাফ ও উখিয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১ কোটি ৭৩ লাখ ইয়াবা জব্দ করেছে ৬৪ বিজিবি। একই সময়ে ২৩৮ জন পাচারকারীকে আটক করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান রোধে টহল ও অভিযান জোরদার রাখা হয়েছে। জব্দ করা মাদক ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।












