২–০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পরও শেষ দুই ম্যাচ হেরে আফগানিস্তানের বিপক্ষে চার ম্যাচের ওয়ানডে সিরিজ জিততে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল। গতকাল সিরিজের চতুর্থ ও শেষ ওয়ানডেতে আফগানিস্তান অনূর্ধ্ব–১৯ দলের কাছে ৪ উইকেটে হেরেছে বাংলাদেশের যুবারা। প্রথম দুই ম্যাচ যথাক্রমে–৩৩ রানে এবং সুপার ওভারে জিতেছিল বাংলাদেশ। তৃতীয় ম্যাচ ৪৩ রানে জিতে সিরিজে ব্যবধান কমায় আফগানিস্তান। শেষ ম্যাচ জিতে সিরিজ ২–২ সমতায় শেষ করেছে আফগানরা। ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে অধিনায়ক ফরিদ হাসানের হাফ সেঞ্চুরিতে ৫০ ওভারে ৯ উইকেটে ২১৯ রান করে বাংলাদেশ। চার নম্বরে ব্যাট হাতে নেমে ৪টি চারে ১৪৫ বলে ৮২ রান করেন ফরিদ। দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান করে করেন আলআমিন হোসেন রনি ও রবিউল ইসলাম অনিক এবং আহসান আল মুমিনের ব্যাট থেকে ২৩ রান আসে। আফগানিস্তানের আমির হামজা ও সোহেল খান ৩টি করে উইকেট নেন। জবাবে সুবহান জাখাইল ও তাহির সারওয়ারির জোড়া হাফ সেঞ্চুরির সুবাদে ১১ বল বাকি রেখে জয় পায় আফগানিস্তান। সুবহান ৬০ ও তাহির অপরাজিত ৬৭ রান করেন। বাংলাদেশের আল আমিন ২ উইকেট নেন।












