টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল

স্পোর্টস ডেস্ক | শনিবার , ২৯ আগস্ট, ২০২৬ at ১০:৪০ পূর্বাহ্ণ

আরেকটি জয়ে টপ এন্ড টিটোয়েন্টি সিরিজের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ইরফান শুক্কুরের নেতৃত্বাধীন বাংলাদেশ এইচপি দল। ডারউইনে গতকাল শুক্রবার ৩ উইকেটে জিতেছে বাংলাদেশ। নর্দার্ন টেরিটরির ১৪৩ রান ১০ বল বাকি থাকতে পেরিয়ে গেছে সফরকারীরা। প্রথমে ব্যাট করা নর্দার্ন টেরিটরি স্ট্রাইক ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৩ রানর তোলে। জবাবে বাংলাদেশ এইচপি ১৮.২ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৪ রান তুলে নেয়। ছয় ম্যাচে পাঁচ জয়ে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত করে বাংলাদেশ এইচপি দল। এখনও সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ঠিক হয়নি। রোববার হবে দুটি সেমিফাইনাল ও ফাইনাল। নর্দার্ন টেরিটরি স্ট্রাইকের ব্যাটাররাও গতকাল পারেননি মোহাম্মদ রুবেলের স্পিন রহস্য ভেদ করতে। তাতে লক্ষ্য থাকে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলের নাগালেই। সতীর্থদের ব্যর্থতার দিনে ব্যাটিংয়ে দলকে পথ দেখান সাব্বির রহমান। চমৎকার বোলিংয়ে ২১ রানে ৫ উইকেট নিয়ে বাংলাদেশের সফলতম বোলার রহস্য স্পিনার রুবেল। টানা দ্বিতীয় ম্যাচে ফিফটি আশা জাগিয়ে সাব্বির করেন ৪৭ রান। তিন পরিবর্তন নিয়ে মাঠে নামা বাংলাদেশের ওপেনিং জুটিতে আসে বদল। আগের দুই ম্যাচে ফিফটি পাওয়া আরিফুল ইসলাম ওপেনিংয়ে নামেন হাবিবুর রহমান সোহানের সঙ্গে। জায়গা বদলে রানের দেখা পাননি আরিফুল, ৬ বলে ১০ রানে থামে তার ইনিংস। বেশিক্ষণ টেকেননি সোহানও। ৪১ রানে দুই উইকেট হারানো দলকে জয়ের পথে এগিয়ে নেন তিনে নামা সাব্বির। তার ৩৭ বলের ইনিংসে ছিল দুটি চার ও একটি ছক্কা। এই ইনিংস খেলার পথে শামীম হোসেনকে সঙ্গে নিয়ে তৃতীয় উইকেটে ৩৪ রান যোগ করেন সাব্বির। চতুর্থ উইকেটে ইরফানের সঙ্গে ২৯ বলে গড়েন ৩৫ রানের জুটি। শামীম এক চারে ১১ রান করতে খেলেন ১১ বল। পরে দলকে টানতে পারেননি শুক্কুর, এসএম মেহরব। একটি করে ছক্কা ও চারে দলকে জয়ের দুয়ার নিয়ে থামেন সামিউন বাশির। তার বিদায়ের পর বাউন্ডারিতে ম্যাচ শেষ করেন আব্দুল গাফফার সাকলাইন।

এর আগে, প্রথম ওভারে ১৩ রান নেওয়া নর্দার্ন টেরিটরি চাপে পড়ে রুবেলের চমৎকার বোলিংয়ে। তিনি শিকার শুরু করেন হার্শতিক বিমব্রালকে ফিরিয়ে। নিজের পরের ওভারে জাগা কদুরু ও ডোউটজি হোগেনবোইজেমকে ফেরান রুবেল। রিলে মার্ককে ফিরিয়ে নর্দার্ন টেরিটরির উপর চাপ বাড়ান রকিবুল হাসান। ৩৫ রানে চার উইকেট হারানো দলকে টেনে তোলার চেষ্টা করেন জর্ডান সিল্ক ও ম্যাট হ্যামন্ড। পঞ্চম উইকেটে তাদের ৩৭ বলে ৪৫ রানের জুটি ভাঙে সিল্কের বিদায়ে। আক্রমণে ফিরে আরও দুটি শিকার ধরেন রুবেল। পরপর দুই বলে হ্যামন্ড ও অ্যাগারকে ফেরান তিনি। নবম উইকেটে ২১ বলে ২৯ রানের জুটিতে দলকে দেড়শর কাছাকাছি নিয়ে যান ক্যাডেল ম্যাকমোহন ও স্যাম বার্কার।

পূর্ববর্তী নিবন্ধরেলওয়ে পাবলিক, নাসিরাবাদ ও কদম মোবারক স্কুলের জয়লাভ
পরবর্তী নিবন্ধমঞ্চস্থ হলো রবীন্দ্রনাথের চিত্রাঙ্গদা