আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলার পর বাংলাদেশের এবার নতুন মিশন ত্রিদেশীয় সিরিজ। সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান ও জিম্বাবুয়ে। সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আজ থেকে এই ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায়। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা। এদিকে জয় দিয়ে টুর্নামেন্ট শুরুর লক্ষ্য দুই দলেরই। দীর্ঘ দুই দশক পর নিরপেক্ষ কোনো ভেন্যুতে এই দুই দল ওয়ানডেতে লড়াইয়ে নামছে। গত জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে গিয়ে টেস্ট ও ওয়ানডে সিরিজ হারের তেতো স্বাদ পাওয়া বাংলাদেশের সামনে এটি যেমন প্রতিশোধের সুযোগ, তেমনি সিকান্দার রাজার নেতৃত্বাধীন জিম্বাবুয়ের সামনে তাদের সামপ্রতিক আধিপত্য ধরে রাখার পরীক্ষা। ওয়ানডেতে নিজেদের শেষ পাঁচ ম্যাচের মধ্যে দুদলই চারটিতে হেরে মাত্র একটি করে ম্যাচে জয় পেয়েছে, তবে শেষ ওয়ানডে সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়াকে বেশ ভালোই কাঁপিয়ে দিয়েছিল জিম্বাবুয়ে। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক হিসেবে ফিরে আসা লিটন দাস বর্তমানে দারুণ ছন্দে আছেন, যিনি সমপ্রতি ব্যাট হাতে সেঞ্চুরির পাশাপাশি উইকেটকিপার হিসেবে ৯টি ডিসমিসালের কীর্তি গড়েছেন। তবে বাংলাদেশি একাদশে বড় প্রশ্ন ঝুলছে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের সামপ্রতিক ফর্ম নিয়ে। এশিয়ান গেমসে বাজে পারফরম্যান্সের পর তাকে ওয়ানডে একাদশ থেকে বাদ দেওয়া হতে পারে, যা হবে তার ক্যারিয়ারে প্রথম। তানজিদ হাসান ও সৌম্য সরকারের উদ্বোধনী জুটির সঙ্গে নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় এবং মেহেদী হাসান মিরাজদের নিয়ে গঠিত ব্যাটিং লাইনআপের পাশাপাশি বোলিংয়ে গভীরতা থাকলেও কন্ডিশন বুঝে সেরা একাদশ বেছে নেওয়া টিম ম্যানেজমেন্টের জন্য বড় চ্যালেঞ্জ। অন্যদিকে, জিম্বাবুয়ে দল অভিজ্ঞ ক্রেইগ আরভিন ও ব্রেন্ডন টেলরের পাশাপাশি তরুণ ব্রিয়ান বেনেট ও দারুণ ফর্মে থাকা বোলার ব্র্যাড ইভান্সের ওপর ভরসা রাখছে। আবুধাবির চরম গরম ও আর্দ্রতার মধ্যে অনুষ্ঠিতব্য এই ডে–নাইট ম্যাচে প্রথমে ব্যাটিং করা দল বাড়তি সুবিধা পেতে পারে, যেখানে গড় রান ২৬৬। সবকিছু ছাপিয়ে জয়ের হাসি নিয়েই ত্রিদেশীয় সিরিজ শুরু করতে মরিয়া টাইগাররা।
বাংলাদেশের ম্যাচ সূচি : ১৭ অক্টোবর : বাংলাদেশ–জিম্বাবুয়ে, আবুধাবি, ১৯ অক্টোবর : আফগানিস্তান–জিম্বাবুয়ে, আবুধাবি, ২১ অক্টোবর : আফগানিস্তান–বাংলাদেশ, শারজাহ, ২৩ অক্টোবর : ফাইনাল, শারজাহ।











