জেট ফুয়েলের দাম বাড়ল লিটারে ৯০ টাকা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৬ মার্চ, ২০২৬ at ৫:২৭ পূর্বাহ্ণ

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বিশ্ববাজারে অস্থিরতার প্রেক্ষাপটে দেশে জেট ফুয়েলের দাম লিটারে প্রায় ৯০ টাকা বেড়েছে। দাম বাড়ার পর জেট ফুয়েলের দাম অভ্যন্তরীণ ফ্লাইটেরর জন্য প্রতি লিটার ২০২ টাকা ২৯ পয়সা ও আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ১ দশমিক ৩২ ডলার নির্ধারণ হয়েছে। গত মঙ্গলবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, ৫ থেকে ২২ মার্চ পর্যন্ত আন্তর্জাতিক বাজারদরের গড় মূল্য বিবেচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ও কঙবাজার বিমানবন্দরসহ দেশের প্রধান বিমানবন্দরগুলোতে নতুন দামে জ্বালানি নিতে হবে।

মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম দেশে এক মাসে দ্বিতীয়বার বাড়ল। মাসের শুরুতে লিটারে বেড়েছিল ১৭ টাকা, এবার বেড়েছে ৯০ টাকা। দ্বিতীয় দফায় ৮০ শতাংশ বাড়ানো হলো।

জেট ফুয়েলের লিটার দেশের ভেতরে ফ্লাইট পরিচালনার জন্য দাম নির্ধারণ করা হয়েছে ২০২ টাকা ২৯ পয়সা। এর আগে দাম ছিল ১১২ টাকা ৪১ পয়সা। গত মাসে এ দাম ছিল ৯৫ টাকা ১২ পয়সা। আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটারের দাম ০.৭৩৮৪ ডলার থেকে বাড়িয়ে ১.৩২১৬ ডলার নির্ধারণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে নাপিত্তা ঝরনার কূপে মিলল পর্যটকের লাশ
পরবর্তী নিবন্ধজেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর সম্পদের তথ্য তলবের উদ্যোগ দুদকের