জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে বুকে ছুরিকাঘাত

| বৃহস্পতিবার , ৫ নভেম্বর, ২০২৬ at ১০:৩০ পূর্বাহ্ণ

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় জামায়াত নেতা অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনের ছেলেকে ছুরিকাঘাত করা হয়েছে। আখতারুজ্জামান রঞ্জন গতকাল বুধবার রাত পৌনে ১০টায় বলেন, আমার বড় ছেলে শাহরিয়ার জামান রানাকে রাত ৮টার দিকে গচিহাটা বাজারে বুকে ছুরিকাঘাত করা হয়েছে। খবর বিডিনিউজের।

স্থানীয়রা জানান, অজ্ঞাত এক লোক রানার বুকের ডান পাশে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যান। পরে স্থানীয়রা আহত শাহরিয়ার জামানকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে। রানার বাবা আখতারুজ্জামান রঞ্জন বলেন, তিনি ঢাকায় অবস্থান করছেন। এ বিষয়ে খোঁজ–খবর নিয়ে পরে বিস্তারিত জানানো হবে।

কটিয়াদী থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কে বা কারা এ ঘটনায় জড়িত এবং কী কারণে ঘটনাটি ঘটেছে– তা প্রাথমিকভাবে জানা যায়নি। জড়িতদের আটক করতে ও ঘটনার কারণ জানতে পুলিশ কাজ করে যাচ্ছে বলে জানান ওসি।

পূর্ববর্তী নিবন্ধইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার মধ্যে কোলাবোরেশন আবশ্যক
পরবর্তী নিবন্ধখেলাপি সিটি গ্রুপ পাচ্ছে ৩ হাজার কোটি টাকার নতুন ঋণ