আইএফআইসি ব্যাংক পিএলসি–এর ১৮২ কোটি টাকার খেলাপি ঋণ আদায়ের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এবং তার স্ত্রী, পুত্র ও কন্যাসহ ৬ জনের বিরুদ্ধে ৫ মাসের দেওয়ানি আটকাদেশ ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল চট্টগ্রামের অর্থঋণ আদালত–১ এর বিচারক মো. হেলাল উদ্দীন এ আদেশ দিয়েছেন। ডিক্রিদার ব্যাংক আইএফআইসি ব্যাংক পিএলসি, আগ্রাবাদ শাখার পক্ষে দায়িকদের বিরুদ্ধে দেওয়ানি আটকাদেশ প্রদান এবং গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানালে আদালত তা মঞ্জুর করেন বলে জানিয়েছেন অর্থঋণ আদালতের সেরেস্তাদার মো. সাইফুদ্দিন পারভেজ।
দেওয়ানি আটকাদেশ ও গ্রেপ্তারি পরোয়ানা যাদের বিরুদ্ধে জারি হয়েছে তারা হলেন, আরামিট থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক রুকমিলা জামান (যিনি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর স্ত্রী), কোম্পানির পরিচালক এস. এম. আলমগীর চৌধুরী ও খোরশেদুল আলম, সাবেক ভূমিমন্ত্রী ও কোম্পানির শেয়ারহোল্ডার সাইফুজ্জামান চৌধুরী এবং তাদের ছেলে তানায়েম জামান চৌধুরী ও কন্যা জেবা জামান।
আদালত সূত্রে জানা যায়, ঋণ নিয়ে পরিশোধ না করায় গত বছর তথা ২০২৫ সালে আরামিট থাই এলুমিনিয়াম লিমিটেড এবং দেওয়ানি আটকাদেশপ্রাপ্ত ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্তদের বিরুদ্ধে আইএফআইসি ব্যাংক পিএলসি, আগ্রাবাদ শাখার পক্ষ থেকে একটি অর্থঋণ মামলা দায়ের করা হয়। ওই বছরের ডিসেম্বরে আদালত উক্ত মামলায় ডিক্রি প্রদান করেন। এতে ঋণ পরিশোধের নির্দেশনা থাকলেও দায়িকরা তা করেননি। একপর্যায়ে চলতি বছর তথা ২০২৬ সালের এপ্রিলে উক্ত খেলাপি ঋণ তথা ১৮২ কোটি ৫১ লাখ ১৩ হাজার ৯৯৯ টাকা আদায়ের লক্ষ্যে অর্থঋণ জারি মামলা দায়ের করা হয়।












