জাপানে ৪৯টি হাউসফুল শো আলীরাজের

| সোমবার , ২৩ নভেম্বর, ২০২৬ at ৭:৫৬ পূর্বাহ্ণ

দুই মাসের জাপান সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশের জাদুশিল্পী আলীরাজ। দেশটির বিভিন্ন শহরে জাদু প্রদর্শনীর মাধ্যমে বিদেশি দর্শকদের মুগ্ধ করেছেন তিনি। খবর বাংলানিউজের। ওসাকা, কোবে, আওয়াজি, ফুকুচিয়ামা, নাগোয়া, টোকিও ও কিয়োটোসহ জাপানের বিভিন্ন শহরে মোট ৪৯টি প্রদর্শনী করেছেন জাদুশিল্পী। প্রতিটি প্রদর্শনীতেই ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। জাপানের প্রেক্ষাগৃহ, হোটেল, ক্লাব, শিক্ষাপ্রতিষ্ঠান, নৌবিহার ও সার্কাস দলের আয়োজনে অনুষ্ঠিত এসব প্রদর্শনীতে প্রতিদিন গড়ে দুটি করে শো করেছেন আলীরাজ। তার সঙ্গে ছিলেন একজন জাপানি সহকারী। শতভাগ বিদেশি দর্শকের উপস্থিতিতে প্রতিটি প্রদর্শনী ছিল হাউসফুল। দেশের পতাকা হাতে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন আলীরাজ। জাদুর নৈপুণ্যে জয় করেছেন হাজারো বিদেশি দর্শকের হৃদয়। এর আগে বিশ্বের বিভিন্ন দেশেও জাদু প্রদর্শন করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। এবারের ব্যয়বহুল ও বৃহৎ আয়োজনটি করেছে জাপানের স্বনামধন্য প্রতিষ্ঠান প্যাসোনা কোম্পানি এবং আর্ট সার্কাস গ্রুপ। অপেরা, সংগীত, অ্যাক্রোবেটিকস ও ব্যালে নৃত্যের সমন্বয়ে আয়োজনটিকে আরও বর্ণিল করে তোলেন রাশিয়া, ইউক্রেন ও জাপানের শিল্পীরা। এর কোরিওগ্রাফিতে ছিলেন এলিনা, লিয়ানা ও মোরিগুচি। দীর্ঘদিন ধরেই জাদুশিল্পের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পতাকা তুলে ধরছেন আলীরাজ। কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন বিভিন্ন পুরস্কারও। যুক্তরাষ্ট্র থেকে ইউরোপ, এশিয়া থেকে মধ্যপ্রাচ্য– বিশ্বের নানা দেশে টেলিভিশন অনুষ্ঠান ও আন্তর্জাতিক মঞ্চে জাদু প্রদর্শন করেছেন তিনি। ফ্রান্স, স্পেন, গ্রিস, ইতালি, তুরস্ক, রাশিয়া, জাপান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, ভারত, দুবাই, সিঙ্গাপুর, হংকং, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও চীনসহ বিভিন্ন দেশে তার পরিবেশনা প্রশংসিত হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসাত শহরে ক্রিকেট একাডেমি চালুর পরিকল্পনা বিসিবির
পরবর্তী নিবন্ধ‘গাজী মাজহারুল আনোয়ার স্মৃতি পুরস্কার’ পাচ্ছেন আসিফ ইকবাল