জাপানে ১০০ বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা প্রথমবারের মতো এক লাখ ছাড়িয়ে গেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে। পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে জাপানে ১ লাখ ৭ হাজার ৬৭৭ জন শতবর্ষী মানুষ আছে। খবর বিডিনিউজের।বিশ্বের অন্য যেকোনো দেশের তুলনায় জাপানেই এ ধরনের মানুষের সংখ্যা সবচেয়ে বেশি। তাদের মধ্যে প্রায় ৮৮ শতাংশই নারী। তাদের মধ্যে সবচেয়ে বয়স্ক নারী কিয়োটো সিটির ১১৪ বছর বয়সী কিশিমোতো ফুয়ো এবং সবচেয়ে বয়স্ক পুরুষ কুমামোতোর ১১২ বছর বয়সী কাতো হিকারু।চিকিৎসা ও প্রযুক্তির অগ্রগতির কথা উল্লেখ করে জাপানের স্বাস্থ্যমন্ত্রী কেনিচিরো উয়েনো বলেন, এত বিপুলসংখ্যক মানুষ দীর্ঘ, সুস্থ ও সক্রিয় জীবনযাপন করছেন দেখে আমি আনন্দিত। তবে একটি টেকসই সামাজিক নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখার ক্ষেত্রে দেশটি যে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, সে বিষয়েও সতর্ক করেন তিনি। স্বাস্থ্যকর খাদ্যভ্যাস ও সক্রিয় জীবনযাপনসহ বেশ কয়েকটি বিষয়কে জাপানিদের দীর্ঘায়ুর কারণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। দেশটির প্রধান খাবার তালিকায় রয়েছে মাছ, শাকসবজি ও ভাত; যা বহু পশ্চিমা খাবারের তুলনায় কম স্যাচুরেটেড ফ্যাটযুক্ত। এছাড়া প্রবীণ ব্যক্তিরা নিয়মিত হাঁটেন, গণপরিবহন ব্যবহার করেন, সাইকেল চালান এবং শরীরচর্চা করেন।কয়েক বছর ধরেই জাপানের জনসংখ্যায় বয়স্কদের হার বাড়ছে। এক দশকেরও বেশি সময় ধরে দেশটিতে শিশুদের চেয়ে প্রবীণদের ডায়াপার বিক্রি বেশি হচ্ছে।











