জাতীয় পর্যায়ের সাঁতারে স্বপ্ন ছুঁতে চায় রাঙ্গুনিয়ার পায়েল নাথ

জগলুল হুদা, রাঙ্গুনিয়া | শনিবার , ১৮ জুলাই, ২০২৬ at ১০:৫১ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ার গর্ব পায়েল নাথ নতুন কুঁড়ি স্পোর্টস২০২৬এর বিভাগীয় পর্যায়ে সাঁতারে সেরা হয়েছিল। এবার এই উদীয়মান সাঁতারু জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগের প্রতিনিধিত্ব করবে। ২৫ জুলাই তাতে অংশ নিতে যাবে সে। জাতীয় প্রতিযোগিতার আগে গত বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম(রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পায়েল নাথ। এ সময় তিনি পায়েলের সাফল্যে সন্তোষ প্রকাশ করেন এবং জাতীয় আসরে আত্মবিশ্বাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে রাঙ্গুনিয়ার মুখ উজ্জ্বল করার আহ্বান জানান। পায়েলের এই সাফল্যের পেছনে ভূমিকা রেখেছেন নতুন কুঁড়ি স্পোর্টস রাঙ্গুনিয়ার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান। তাঁর ক্রীড়াবান্ধব উদ্যোগ এবং স্থানীয় পর্যায়ে খেলাধুলার প্রসারে নেওয়া বিভিন্ন পদক্ষেপে পায়েলের মতো প্রতিভাবান খেলোয়াড়দের সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছে। নতুন কুঁড়ি স্পোর্টস রাঙ্গুনিয়ার সাঁতার ইভেন্টের প্রধান সাংবাদিক আব্বাস হোসাইন আফতাব বলেন, উপজেলা পর্যায় থেকে বিভাগীয় পর্যায়ে পায়েলের সাফল্যের পেছনে উপজেলা নির্বাহী কর্মকর্তার ক্রীড়াবান্ধব উদ্যোগ, প্রশিক্ষকদের নিবিড় পরিশ্রম, অভিভাবকদের উৎসাহ এবং আয়োজকদের সম্মিলিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সেই ধারাবাহিকতায় আজ পায়েল জাতীয় পর্যায়ে খেলার জায়গা করে নিয়েছে। পায়েল এর ক্রীড়া শিক্ষক মো. আলমগীর বলেন, রাঙ্গুনিয়ার মানুষের প্রত্যাশা, জাতীয় প্রতিযোগিতায় নিজের সেরাটা উপহার দিয়ে পায়েল নাথ শুধু একটি পদকের জন্যই লড়বে না; বরং পুরো রাঙ্গুনিয়ার স্বপ্ন, সম্ভাবনা ও আত্মবিশ্বাসের প্রতিনিধিত্ব করবে। তার সাফল্য ভবিষ্যতে আরও অনেক তরুণতরুণীকে খেলাধুলায় এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে।

পূর্ববর্তী নিবন্ধকদমতলীর আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ ড্র
পরবর্তী নিবন্ধবিশ্বকাপ জয়ীদের বিশেষ আংটি উপহার দেবে ফিফা