জাতীয় যুব দিবস আজ

‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১ নভেম্বর, ২০২৪ at ১১:৩২ পূর্বাহ্ণ

অদম্য যুবসমাজ জাতির প্রতিটি সংকটময় মূহুর্তে বীরত্বপূর্ণ অবদান রেখেছে– এ কথা উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র–শ্রমিক–জনতার অভূতপূর্ব অভ্যুত্থানের মাধ্যমে গঠিত নতুন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যুবদের স্বপ্নপূরণে প্রতিজ্ঞাবদ্ধ। ‘জাতীয় যুব দিবস–২০২৪’ পালনের মাধ্যমে এ দেশের সবাই যুবদের ক্ষমতায়ন ও তাদের অধিকার রক্ষায় আরো বেশি সচেতন হবে। তিনি বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে যুব উন্নয়ন অধিদপ্তর যুবসমাজকে দক্ষ মানবসম্পদে উন্নীত করার লক্ষ্যে প্রযুক্তিসহ বিভিন্ন কারিগরি, বৃত্তিমূলক এবং কৃষিভিত্তিক বহুমুখী প্রশিক্ষণ প্রদান করে আসছে। তিনি ‘জাতীয় যুব দিবস–২০২৪’ উপলক্ষ্যে এক বাণীতে এ কথা বলেন। আজ শুক্রবার প্রতি বছরের ন্যায় এবারও ‘জাতীয় যুব দিবস– ২০২৪’ পালিত হচ্ছে। দিবসের এবারের প্রতিপাদ্য ‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’।

প্রধান উপদেষ্টা জানান, বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে সকল পর্যায়ের যুব ঋণের সিলিং বৃদ্ধি করা হয়েছে। সরকার প্রশিক্ষিত যুবদেরকে জামানতবিহীন ঋণ দিয়ে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করছে। কর্মমুখী প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তি হিসেবে প্রবাসেও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হচ্ছে। ড. ইউনূস বলেন, যুবদের কল্যাণে যুব কল্যাণ তহবিলের কার্যক্রম চলমান রয়েছে। তাদের সামাজিক মর্যাদা বৃদ্ধি, নেতৃত্ব সৃষ্টি, প্রতিভা বিকাশ, ক্ষমতায়ন ও কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে সাভারে ‘জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট’–এর কার্যক্রমও বেগবান করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম জেলা ট্রাক ও মিনি ট্রাক মালিক গ্রুপের নবগঠিত কমিটির সভা
পরবর্তী নিবন্ধজাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল বৃহত্তর চট্টগ্রাম জেলা নির্বাহী কমিটির অনুমোদন