জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবু তাহের মুহাম্মদ মাসুম বলেছেন, দেশের জনগণ যে রায় দিয়েছে তা বাস্তবায়ন করা সরকারের নৈতিক ও গণতান্ত্রিক দায়িত্ব। জনগণের মতামত ও গণভোটের রায় উপেক্ষা করা হলে মানুষ মনে করবে সরকার অগণতান্ত্রিক পথে হাঁটছে। জনগণ দেশের মৌলিক সমস্যা সমাধান, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা এবং প্রকৃত গণতান্ত্রিক পরিবেশ দেখতে চায়।
বৃহস্পতিবার মহানগরী জামায়াতের জোন–১ এর উদ্যোগে দেওয়ানবাজারস্থ সাফা আর্কেড কমিউনিটি সেন্টারে ইউনিট দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জুলাই আন্দোলনের চেতনা ছিল জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন। কিন্তু সরকার জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিক না হয়ে ভিন্ন খাতে মনোযোগ দিচ্ছে। জনগণের মতামতের প্রতি সম্মান দেখিয়ে রাষ্ট্র পরিচালনা না করলে দেশে রাজনৈতিক অস্থিরতা আরও বৃদ্ধি পাবে।
জামায়াতে ইসলামীর মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান, মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান বলেন, দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে সংবিধান সংস্কার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তৃণমূল পর্যায়ের দায়িত্বশীলদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। বক্তব্য দেন, মহানগরী জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, ডা. এ কে এম ফজলুল হক, কোতোয়ালী থানা আমির আমির হোছাইন প্রমুখ। সমাবেশে দারসুল কোরআন পেশ করেন প্রফেসর ড. শফিউল আলম ভুঁইয়া। প্রেস বিজ্ঞপ্তি।













