বাঁশখালীতে চেতনানাশক দিয়ে এক বৃদ্ধার কাছ থেকে ৩ লাখ ৪৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। এ ঘটনায় মোহছেনা বেগম (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ২০ হাজার টাকা উদ্ধার করা হয়। গতকাল বুধবার সন্ধ্যায় বাঁশখালী থানার এসআই মো. আরিফ হোসেন এ তথ্য জানান। গ্রেপ্তার মোহছেনা বেগম বাঁশখালীর ছনুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রবিউল আলমের স্ত্রী।
পুলিশ জানায়, গত ৩০ জুলাই দুপুর ১টার দিকে বাঁশখালী পৌরসভার জিএস প্লাজায় অবস্থিত প্রাইম ব্যাংক থেকে গ্রাহক রাবেয়া খাতুন (৫৭) ৩ লাখ ৩৬ হাজার টাকা উত্তোলন করেন। তার সাথে থাকা আরও ৯ হাজার টাকাসহ মোট ৩ লাখ ৪৫ হাজার টাকা নিয়ে তিনি ব্যাংক থেকে বের হন। এ সময় ব্যাংকের নিচে মোহছেনা বেগম, তার সহযোগী রবিউল (৪৫) ও অজ্ঞাতনামা কয়েকজন ভুক্তভোগীর নাক–মুখে চেতনানাশক প্রয়োগ করেন। অভিযুক্তরা তাকে নিয়ন্ত্রণে নিয়ে তার কাছে থাকা ৩ লাখ ৪৫ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। পরে বিষয়টি বাঁশখালী থানায় জানানো হলে পুলিশ অভিযান শুরু করে। ঘটনার পর ভুক্তভোগীর দেওয়া তথ্য, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ এবং স্থানীয় লোকজনের সহায়তায় অভিযুক্তদের শনাক্ত করা হয়। পরে মঙ্গলবার দিবাগত রাতে থানা পুলিশের একটা টিম চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকা থেকে মোহছেনাকে গ্রেপ্তার করে। তার গ্রুপের অপর সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে থানা সূত্রে জানা যায়।
বাঁশখালী থানার ওসি মো. রবিউল হক বলেন, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তার এবং চুরি যাওয়া অবশিষ্ট টাকা উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার নারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।












