চুয়েটে ২৪তম বিশ্ববিদ্যালয় দিবস কাল

| সোমবার , ৩১ আগস্ট, ২০২৬ at ৮:১০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আগামীকাল ১ সেপ্টেম্বর উদ্‌যাপিত হতে যাচ্ছে ২৪তম বিশ্ববিদ্যালয় দিবস। এদিন সকাল ১১টা ১৫ মিনিটে চুয়েটের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে থাকবেন অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। গেস্ট অব অনার হিসেবে থাকবেন রাউজানের সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। সভাপতিত্ব করবেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ইউনিভার্সিটি টেকনোলজি পেট্রোনাস (ইউটিপি) মালয়েশিয়ার পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান আইআর ড. মোহাম্মদ আজুয়ান বিন মাওনসার, চুয়েটের তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, পুর ও পরিবেশ কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. আসিফুল হক, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আবু কাউছার, মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির এবং ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম।

২৪তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনের লক্ষ্যে ২ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এতে ১ম দিন আজ ৩১ আগস্ট ক্লাব ফেস্ট ও একাডেমিক কাউন্সিল কক্ষে জ্বালানি বিষয়ক লেকচারের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। লেকচারে রিসোর্স পার্সন হিসেবে থাকবেন মালয়েশিয়ার ইউনিভার্সিটি টেকনোলজি পেট্রোনাসের পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ আজুয়ান বিন মাওনসার। এতে জ্বালানি বিষয় সংশ্লিষ্ট প্রায় ২৫০ জন শিক্ষক, গবেষক, প্রফেশনাল ও উদ্যোক্তা অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

গতকাল রোববার দুপুরে চুয়েটের একাডেমিক কাউন্সিল কক্ষে ২৪তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়। এ সময় উপস্তিত ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম এবং রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ২৪ তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে গঠিত মিডিয়া কমিটির সভাপতি ও গণিত বিভাগের অধ্যাপক ড. উজ্জ্বল কুমার দেব।

সাংবাদিক সম্মেলনে জানানো হয়, বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হচ্ছে। আগামীকাল সকাল ৯টা ৫৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, হল ও শাখা থেকে ব্যানারসহ র‌্যালি নিয়ে বাস্কেটবল প্রাঙ্গণে সমবেত হওয়ার মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে। এরপর পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশন, উপহার হিসেবে প্রাপ্ত ৬টি বাস উদ্বোধন, বৃক্ষরোপণ কর্মসূচি এবং আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কেন্দ্রীয় অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। এদিন চুয়েটের গোল চত্বরে চট্টগ্রাম ওয়াসা কর্তৃক প্রদত্ত পানি সংযোগ লাইনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। উদ্বোধন করবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনজরুলের জীবন ও কর্ম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে : শামীম
পরবর্তী নিবন্ধসকল ভেদাভেদ ভুলে দল ও দেশের মানুষের জন্য কাজ করতে হবে