চুয়েটে যাবে ওয়াসার পানি

রাঙ্গুনিয়া শোধনাগার থেকে ৬ মাসের মধ্যে এই পানি নেয়া হবে ব্যয় হবে ৫ কোটি টাকা, আজ প্রকল্পের ভিত্তি স্থাপন

শুকলাল দাশ | মঙ্গলবার , ১ সেপ্টেম্বর, ২০২৬ at ৭:০২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) দীর্ঘদিনের পানি সংকট নিরসনে চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ রাঙ্গুনিয়াস্থ কর্ণফুলী পানি শোধনাগার থেকে পানি সরবরাহের উদ্যোগ নিয়েছে।

পানি সরবরাহের ব্যাপারে ওয়াসার কাছে লিখিত আবেদনের প্রেক্ষিতে ওয়াসা কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে চুয়েটে পানি সরবরাহের উদ্যোগ নেয়। এই ব্যাপারে ৫ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে চট্টগ্রাম ওয়াসা।

চট্টগ্রাম ওয়াসা সূত্রে জানা গেছে, চলতি মাসে প্রকল্পের টেন্ডার শেষে আগামী ৬ মাসের মধ্যে পানি সরবরাহ নিশ্চিত করা হবে। আজ চুয়েট ক্যাম্পাসে প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে বলে জানান চট্টগ্রাম ওয়াসার সংশ্লিষ্ট প্রকৌশলী।

চট্টগ্রাম ওয়াসা সূত্রে জানা গেছে, রাঙ্গুনিয়া উপজেলার পোমরায় অবস্থিত চট্টগ্রাম ওয়াসার কর্ণফুলী পানি শোধনাগার১ ও ২ থেকে বর্তমানে প্রতিদিন প্রায় ২৯ কোটি লিটার পানি চট্টগ্রাম মহানগরীতে সরবরাহ করা হচ্ছে। ওই পাইপ লাইন অনেকটা চুয়েটের কাছাকাছি এলাকা দিয়ে চট্টগ্রামে এসেছে। রাঙ্গুনিয়াস্থ চট্টগ্রাম ওয়াসার কর্ণফুলী পানি শোধনাগার থেকে পাইপলাইনের মাধ্যমে চুয়েটে পানি সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে।

এই ব্যাপারে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম বলেন, দীর্ঘদিন থেকে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) পানির সমস্যা। এখন আমরা পানির সংকট নিরসনে উদ্যোগ নিয়েছি। রাঙ্গুনিয়াস্থ পোমরায় আমাদের কর্ণফুলী পানি শোধনাগার১ ও ২ থেকে চুয়েট পর্যন্ত মাত্র ৬ কিলোমিটার আট ইঞ্চি পাইপলাইন স্থাপন করে সুপেয় পানি সরবরাহ করা হবে। চুয়েট কর্তৃপক্ষ আমাদেরকে যে প্রস্তাবনা দিয়েছেন তাতে দৈনিক ৩ লাখ লিটারের মত পানি লাগতে পারে। কিন্তু আমরা দৈনিক ৮ লাখ লিটার পানি সরবরাহের এস্টিমেট (প্রাক্কলন) করছি। আশা করছি, দ্রুততম সময়ের মধ্যে চুয়েটে পানি সরবরাহের কাজ সম্পন্ন করতে পারবো।

প্রকল্প ব্যয় : রাঙ্গুুনিয়া থেকে ৬ কিলোমিটার পাইপ লাইনের মাধ্যমে চুয়েটে পানি সরবরাহে ৪ থেকে ৫ কোটি টাকা খরচ হতে পারে জানিয়েছে প্রকৌশলী সেলিম মো. জানে আলম বলেন, ওয়াসার নিজস্ব অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়িত হবে। চলতি মাসের মধ্যে আমরা টেন্ডার করবো। আগামী ৬ মাসের মধ্যে চুয়েটে পানি সরবরাহ দেয়া হবে।

আজ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন : চুয়েটে চট্টগ্রাম ওয়াসার সুপেয় পানি সরবরাহ প্রকল্পের আজকে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এমপি। আজ চুয়েট ক্যাম্পাসে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম। চট্টগ্রাম ওয়াসা প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৬৩ সালের ১৬ অক্টোবর। আর ১৯৬৮ সালে রাউজানে প্রতিষ্ঠিত হয় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এটি বাংলাদেশের অন্যতম প্রধান পাবলিক প্রকৌশল বিশ্ববিদ্যালয়। বর্তমানে প্রতিষ্ঠানটিতে পাঁচটি অনুষদ ও ১৮টি বিভাগে ৬ হাজার ৩৬৭ জন শিক্ষার্থী এবং ৩৬১ জন শিক্ষক রয়েছেন। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ মোট জনবল এক হাজার ৫৩ জন।

চুয়েটে ছয়টি ছাত্র হল ও তিনটি ছাত্রী হল রয়েছে। এছাড়া শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আবাসিক এলাকাসহ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রায় সাড়ে ছয় হাজার মানুষের বসবাস।

দীর্ঘদিন ধরে ভূগর্ভস্থ পানি উত্তোলনের মাধ্যমে চুয়েটের পানির চাহিদা পূরণ করা হচ্ছে। তবে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় বিশেষ করে শুষ্ক মৌসুমে বিশ্ববিদ্যালয়ে তীব্র পানি সংকট দেখা দেয়।

পানি সংকট নিরসনে গত ১৫ জুন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের কাছে পানি সরবরাহের জন্য আবেদন করে চুয়েট কর্তৃপক্ষ। আবেদনের পর বিষয়টি পর্যালোচনা করে ৬ জুলাই বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ব্যুরো অব রিসার্চ, টেস্টিং অ্যান্ড কনসালটেশনকে (বিআরটিসি) প্রয়োজনীয় পাইপলাইন ডিজাইন, পাম্পের সক্ষমতা, পূর্ণাঙ্গ নকশা ও সম্ভাব্য ব্যয় প্রাক্কলন প্রস্তুতের জন্য চিঠি দেয় ওয়াসা। এরই পরিপ্রেক্ষিতে কর্ণফুলী পানি শোধনাগার থেকে চুয়েট পর্যন্ত পাইপলাইনের মাধ্যমে সুপেয় পানি সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধর‌্যামন ম্যাগসাইসাই পুরস্কার পাচ্ছেন বাংলাদেশের রুনা খান
পরবর্তী নিবন্ধআন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা মেসির