বাঁশখালীর গন্ডামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লেয়াকত আলী ৪ মাস জেলে থাকার পর গত মঙ্গলবার (১৩ জুন) রাতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হয়েছেন।
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি রাতে দেশের সর্ববৃহৎ ১৩২০ মেগাওয়ার্ট কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এসএস পাওয়ার প্ল্যান্টের বাইরে সংঘটিত ঘটনার জের ধরে ৯ ফেব্রুয়ারি সকালে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের একটি দল চট্টগ্রামের সুগন্ধা এলাকার বাসা থেকে চেয়ারম্যান মো. লেয়াকত আলীকে গ্রেপ্তার করে। এরপর সংঘটিত ঘটনায় বাঁশখালী থানা পুলিশের এসআই গন্ডামারা পাওয়ার প্ল্যান্টে দায়িত্বরত এসআই লিটন চাকমা বাদী হয়ে পুলিশের উপর হামলার অভিযোগে একটি মামলা করেন। পাশাপাশি ডিবি পুলিশের এসআই হুমায়ুন কবির অস্ত্র মামলা এবং ঠিকাদার মো. সায়মন কায়ছার বাদী হয়েছে চাঁদাবাজি ও মারধরের ঘটনায় পৃথক আরও দুটি মামলা করেন। সে সব মামলাসহ বিগত দিনে সংঘটিত ঘটনায় মামলার আসামি হিসেবে তিনি কারাগারে ছিলেন।
এদিকে বাঁশখালীর গন্ডামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ থেকে লেয়াকত আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত ৭ মার্চ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়। ফলে তিনি জামিনে মুক্ত হলেও যতদিন পর্যন্ত না সাময়িক বরখাস্ত হওয়া বিষয়ে চূড়ান্ত হচ্ছে ততদিন পর্যন্ত দায়িত্ব পালন করতে পারবেন না বলে জানান বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী।














