চ্যালেঞ্জ করে বলতে পারি, চাকসুর সপ্তম ক্যাবিনেট যে পরিমাণ কাজ করেছে, অতীতের কোনো চাকসু এই পরিমাণ কাজ করতে পারেনি। আগামী দিনেও পারবে না। তবে আমরা পরবর্তী সংসদের জন্য শুভকামনা রাখি। আমাদের সহযোগিতা আগামী দিনেও থাকবে।
গত ২২ অক্টোবর চাকসু প্রকাশিত বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিবিষয়ক সাময়িকী ‘নবদিগন্ত’–এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ভিপি ইব্রাহিম হোসেন রনি এসব কথা বলেন। খবর বাংলানিউজের।
চাকসুর কার্যকাল শেষ হলেও শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ চালিয়ে যাওয়ার কথা জানিয়ে ইব্রাহিম হোসেন রনি বলেন, শিক্ষার্থীদের সেবা পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। চাকসুর মেয়াদ শেষ হওয়ার পরও শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে কাজ করে যাব। প্রয়োজনে অন্য ব্যানারে হলেও ইশতেহার বাস্তবায়নের চেষ্টা অব্যাহত থাকবে।
চাকসুর জিএস সাইদের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, শিক্ষার্থীদের ছোট–বড় বিভিন্ন কর্মসূচিতে জিএস আন্তরিকতার সঙ্গে অংশগ্রহণ করেছেন। কোন কর্মসূচিতে গেলে সম্মান বাড়বে কিংবা কমবে, তা বিবেচনা না করে শিক্ষার্থীদের আমন্ত্রণে অংশ নিয়েছেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চাকসু জিএস সাইদ বিন হাবিব, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক হারেস মাতাব্বর, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক মাহবুবুর রহমান, পাঠাগার ও ক্যাফেটেরিয়াবিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ সহ চাকসুর অন্যান্য প্রতিনিধিরা।












