বর্জ্য কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা ও পেশাগত ঝুঁকি মোকাবিলায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় আগামীকাল মঙ্গলবার দুইটি জেন্ডার সংবেদনশীল স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করা হয়েছে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)বাংলাদেশ, দ্য কোকা– কোলা ফাউন্ডেশনের সহযোগিতায় প্লাস্টিকস সার্কুলারিটি প্রজেক্টের (পিসিপি) আওতায় এই ক্যাম্পগুলো আয়োজন করছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিতব্য ক্যাম্প দুটি হবে মাস্টারপোল (ওয়ার্ড ১৯, বালুয়ার দিঘী) এবং রাজাখালী ব্রিজ (ওয়ার্ড ১৮, বাকলিয়া) এলাকায়। মাস্টারপোল ক্যাম্পে প্রধান অতিথি থাকবেন চসিক প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী। ক্যাম্পে ১০০ জনের বেশি নারী–পুরুষ বর্জ্য কর্মীকে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ, ওষুধ এবং ডিগনিটি কিট প্রদান করা হবে। আয়োজকরা জানান, চট্টগ্রামের অনানুষ্ঠানিক বর্জ্য কর্মীরা প্রতিদিন প্লাস্টিক পুনর্ব্যবহার কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও তারা নানা স্বাস্থ্যঝুঁকিতে থাকেন এবং নিয়মিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। এই উদ্যোগ তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি পেশাগত স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বাড়াবে। প্রেস বিজ্ঞপ্তি।













