চবির হীরকজয়ন্তী উদ্‌যাপনে আয়োজক কমিটির প্রথম সভা

| শুক্রবার , ২৩ অক্টোবর, ২০২৬ at ১০:২০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৬০ বছর পূর্তি উপলক্ষে হীরকজয়ন্তী উদ্‌যাপনের আয়োজক কমিটির প্রথম সভা গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় উপাচার্য দপ্তরে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্‌–ফোরকান। সভায় বিশ্ববিদ্যালয় দিবস যথাযোগ্য মর্যাদা, উৎসবমুখর পরিবেশ ও সুশৃঙ্খলভাবে উদ্‌যাপনের লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী, কর্মকর্তা–কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার অংশগ্রহণ নিশ্চিত করা এবং সার্বিক আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন উপ–উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল–আমীন, উপ–উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম, চবি সিন্ডিকেট সদস্য এস.এম. ফজলুল হক, সিনেট সদস্য ড. মনজুর–উল–আমিন চৌধুরী, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মো. ইকবাল শাহীন খান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সালেহ্‌ জহুর, সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী, আইন অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ জাফর উল্লাহ তালুকদার, জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এ.এম. মাসুদুল আজাদ চৌধুরী, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. নিহাদ করিম, মেরিন সায়েন্সস এন্ড ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. শাহাদাত হোসেন, ছাত্র–ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন, হিসাব নিয়ামক (ভারপ্রাপ্ত) মো. আমিরুল ইসলাম এবং কমিটির সদস্য সচিব চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. হাছান মিয়া।

সভায় উপস্থিত সদস্যরা বিশ্ববিদ্যালয় দিবস উদ্‌যাপনের প্রস্তুতি ও আয়োজনের বিভিন্ন দিক নিয়ে মতামত দেন। কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টা ও সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়। সভায় উপস্থিত সদস্যরা উপাচার্যকে ধন্যবাদ জানান। উপাচার্যও তাদের সুচিন্তিত মতামতের জন্য ধন্যবাদ জানিয়ে সবার সহযোগিতা কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধধ্রুপদি সাহিত্য এবং অ্যান কারসন
পরবর্তী নিবন্ধনিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ গড়তে চালকদের দায়িত্বশীল হতে হবে