চন্দনাইশে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

চন্দনাইশ প্রতিনিধি | শুক্রবার , ৮ মে, ২০২৬ at ১০:০৭ পূর্বাহ্ণ

চন্দনাইশে মাদরাসার এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। শিক্ষকের মারধরে আহত শিক্ষার্থীর নাম মোহাম্মদ আহিল (১১)। চন্দনাইশ পৌরসভার গাছবাড়ীয়া কলেজ গেট এলাকার এক মাদরাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতের চাচা মাহমুদুর রহমান বাদী হয়ে মাদরাসার পরিচালক ও শিক্ষককে আসামি করে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, গত ৬ মে ভোরে গুলজারে মদিনা হিফজুল কোরআন মাদরাসার শিক্ষক আমান উল্লাহ (২৫) চন্দনাইশের দক্ষিণ জোয়ারা প্রবাসী নুরুল আলমের ছেলে মো. আহিলের মাথায়, হাতে, পায়ে এবং পিঠে বেত্রাঘাত করলে সে গুরুতর আহত হয়। গতকাল ৭ মে আহত আহিলের মা মাদরাসায় ছেলেকে দেখতে গেলে সে কেঁদে ওঠে। এসময় মারধরের ঘটনা জেনে মা তার ছেলেকে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে চিকিৎসা দেয়। এ ব্যাপারে ছেলের কাছ থেকে সব জেনে সন্ধ্যায় আহিলের চাচা মাহমুদুর রহমান বাদী হয়ে মাদ্রাসার শিক্ষক আমান উল্লাহ ও পরিচালক আশেকুর রহমানকে আসামি করে চন্দনাইশ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

থানা ডিউটি অফিসার এএসআই তৌহিদ অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে সাংবাদিকদের বলেন, এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধপশ্চিমবঙ্গের বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল, আর মুখ্যমন্ত্রী রইলেন না মমতা
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে থ্যালাসেমিয়া রোগী ৪৫০