আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ টি–টোয়েন্টি ক্রিকেটে গতকাল সোমবারের খেলায় জয় পেয়েছে নিউ স্টার ক্রিকেট একাডেমি ও চট্টগ্রাম–১১। শহীদ শাহজাহান মাঠে সকালে অনুষ্ঠিত দিনের ১ম ম্যাচে নিউ স্টার ক্রিকেট একাডেমি ৮ উইকেটে এম এস ক্রিকেট একাডেমিকে এবং ২য় ম্যাচে চট্টগ্রাম–১১ দল ৪ উইকেটে রায়হান স্পোর্টসকে পরাজিত করে। সকালে ১ম ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে এম এস ক্রিকেট একাডেমি মাত্র ১০.৪ ওভারে ৬৫ রানে অলআউট হয়ে যায়। দলের পক্ষে ইশতিয়াক মাহমুদ সর্বোচ্চ ২৩ ও আউয়াল ১৮ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে ৬.১ ওভারে ২ উইকেটে ৬৭ রান তুলে নেয় নিউ স্টার ক্রিকেট একাডেমি। দলের পক্ষে মো. মিসবা অপরাজিত ২৮ ও মো. সরফরাজ অপরাজিত ১৬ রান সংগ্রহ করেন। বল হাতে বিজয়ী দলের মো. আরিফ ওসমান মাত্র ১.২ ওভার বল করে ১ রানে ৪টি উইকেট লাভ করেন। এছাড়া আনোয়ার ও মো. নুর ৭ রানে ২টি করে এবং বিজিত দলের নারায়ন নাথ ১৯ রানে ২টি উইকেট লাভ করেন। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ নিউ স্টার ক্রিকেট একাডেমির মো. আসিফ ওসমানের হাতে পুরস্কার তুলে দেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি। দুপুরে বৃষ্টি বিঘ্নিত দিনের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে রাইয়ান স্পোর্টস নির্ধারিত ১১ ওভারে ৮ উইকেটে ১৪০ রান সংগ্রহ করে। দলের পক্ষে নজরুল কবির সর্বোচ্চ ৪০, নজরুল ইসলাম অপরাজিত ২৮ ও মো. ইরফান ২০ রান সংগ্রহ করেন। জবাবে ব্যাট করতে নেমে চট্টগ্রাম–১১ দল ১০.৩ ওভারে ৬ উইকেটে ১৪৫ রান করে জয়ের বন্দরে পৌঁছে যায়।
দলের পক্ষে মো. হান্নান ১৯ বলে সর্বোচ্চ ৪৫, সাজ্জাদ হোসেইন ৩৩ ও রাশেদুল বারি অপরাজিত ১৭ রান করেন। বল হাতে বিজয়ী দলের আসাদুর রহমান ২ ওভারে ৩২ রানে ৪টি উইকেট লাভ করেন। তাছাড়া বিজিত দলের তানভীর ইসলাম ও আশরাফুল ইসলাম ২টি করে উইকেট পান। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ চট্টগ্রাম–১১ দলের আসাদুর রহমানের হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম মহানগর মহিলা দলের সভানেত্রী মনোয়ারা বেগম মনি।












