চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৫১ সদস্যের কমিটি

| শুক্রবার , ২৪ জুলাই, ২০২৬ at ৯:০৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৫১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি অনুমোদন করা হয়েছে। কমিটিতে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর ও মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের পৃষ্ঠপোষক আবুল হাশেম বক্করকে সভাপতি এবং ক্রীড়া সংগঠক মনজুর আলমকে সাধারণ সম্পাদক করা হয়েছে। গত ২২ জুলাই মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের সভাপতি মো. বরকত উল্লাহ বুলু এমপি এবং ডাইরেক্টর ইনচার্জ অব অ্যাডমিনিস্ট্রেশন মো. লোকমান হোসেন ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। অনুমোদনপত্রে উল্লেখ করা হয়, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ৫৭তম সভার ৬ নম্বর আলোচ্যসূচির আওতায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্রীয় মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের বিভাগ ও জেলা কমিটি গঠন ও পরিচালনা নীতিমালা২০২৬ অনুসারে চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের কার্যক্রম পরিচালিত হবে। ওই নীতিমালার আলোকে ৫১ সদস্যের নতুন কমিটি অনুমোদন করা হয়েছে। নবনির্বাচিত সভাপতি আবুল হাশেম বক্কর ও সাধারণ সম্পাদক মনজুর আলম এক যৌথ প্রতিক্রিয়ায় বলেন, চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব একটি ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন। এ ক্লাবের গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্য রয়েছে। নতুন কমিটি ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করতে কাজ করবে। খবর বাংলানিউজের।

পূর্ববর্তী নিবন্ধসিভাসু অফিসার সমিতির প্রীতি ফুটবল ম্যাচ
পরবর্তী নিবন্ধনারী ফুটবলে বাংলাদেশের প্রতিপক্ষ উত্তর ও দক্ষিণ কোরিয়া, মিয়ানমার