জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডের প্রথম দিনে চট্টগ্রাম ভেন্যুুতে সিলেট বিভাগের ১৭৯ রানের জবাবে রংপুর ১ উইকেটে ৩২ রান করে। চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লা. লে. মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে রংপুরের বিপক্ষে একাই লড়াই করেছেন জাকির হাসান। তবে সারা শরীরে ক্র্যাম্প করায় সম্ভাবনাময় ইনিংসটি সেঞ্চুরিতে রূপ দিতে পারেননি সিলেট অধিনায়ক। প্রথম দিনে ১৭৯ রানে গুটিয়ে গেছে সিলেট। পরে ঘণ্টাখানেকের জন্য ব্যাটিংয়ে নেমে রংপুরের সংগ্রহ ১ উইকেটে ৩২ রান। রংপুরের নিয়ন্ত্রিত বোলিংয়ের বিরুদ্ধে দারুণ জবাব দিয়ে ২ চার ও ১ ছক্কায় ১৩৫ বলে ৭১ রান করেন জাকির। দ্বিতীয় সেশনে ইনিংসের ৪৯তম ওভারের প্রথম বল খেলার পর শরীরের বিভিন্ন পেশিতে টান অনুভব করেন তিনি। পরে আর ব্যাটিং চালিয়ে নিতে পারেননি, ফিল্ডিংয়েও নামেননি। টিম ম্যানেজমেন্টের আশা, পরিপূর্ণ বিশ্রাম নিয়ে দ্বিতীয় দিন মাঠে ফিরবেন অধিনায়ক। জাকিরের ফিফটি ছাড়া স্বীকৃত ব্যাটসম্যানদের কেউ ২৫ রানও করতে পারেননি। জাকের আলি ৫৬ বলে ১৯ রান করে আউট হন। ৯ নম্বরে নেমে ২ ছক্কায় ২৬ রান করেন খালেদ। ফলে ১৭৯ পর্যন্ত পৌঁছায় সিলেট। রংপুরের পক্ষে ৩টি করে উইকেট নেন সম্ভাবনাময় পেসার মেহেদি হাসান ও লেগ স্পিনার স্বাধীন ইসলাম। এদিন মাঠে খেলা শুরুর আগে প্রয়াত কোচ মোসাদ্দেক হোসেন ছোটনের প্রতি সন্মান জানিয়ে দু’দলের খেলোয়াড়, কোচ, কর্মকর্তারা একমিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন।










