চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি ও রপ্তানি এক বছরের ব্যবধানে বেড়েছে। ২০২৬ সালের অক্টোবর মাসে আগের বছরের একই সময়ের তুলনায় আমদানিতে পণ্যভর্তি কন্টেনার (লেডেন) বেড়েছে ২ হাজার ২৭৪ টিইইউএস, রপ্তানিতে বেড়েছে ২ হাজার ৭১৭ টিইইউএস।
সূত্র জানায়, ২০২৬ সালের অক্টোবরে আমদানি বাণিজ্যে ১ লাখ ২৪ হাজার ৮১৯ টিইইউএস কন্টেনার হ্যান্ডলিং হয়েছে। এর মধ্যে পণ্যভর্তি কন্টেনার ছিল ১ লাখ ২০ হাজার ৫৩৬ টিইইউএস এবং খালি কন্টেনার ৪ হাজার ২৮৩ টিইইউএস। ২০২৫ সালের অক্টোবরে আমদানি বাণিজ্যে মোট কন্টেনার হ্যান্ডলিং হয়েছিল ১ লাখ ২৪ হাজার ২৪৪ টিইইউএস। এক বছরের ব্যবধানে আমদানি বেড়েছে ৫৭৫ টিইইউএস।
অপরদিকে, ২০২৬ সালের অক্টোবরে রপ্তানি বাণিজ্যে ১ লাখ ২০ হাজার ৪১৪ টিইইউএস কন্টেনার হ্যান্ডলিং হয়েছে। এর মধ্যে পণ্যভর্তি কন্টেনার ছিল ৭৩ হাজার ৫০৯ টিইইউএস এবং খালি কন্টেনার ৪৬ হাজার ৯০৫ টিইইউএস। আগের বছরের একই সময়ে রপ্তানি বাণিজ্যে কন্টেনার হ্যান্ডলিং হয়েছিল ১ লাখ ৩০ হাজার ৫৪৮ টিইইউএস। এক বছরের ব্যবধানে রপ্তানি বাণিজ্যে কন্টেনার হ্যান্ডলিং কমেছে ১০ হাজার ১৩৪ টিইইউস। মোট হ্যান্ডলিং কমলেও এক বছরের ব্যবধানে পণ্যভর্তি কন্টেনারের সংখ্যা বেড়েছে। ২০২৫ সালের অক্টোবরে রপ্তানিতে পণ্যভর্তি কন্টেনার ছিল ৭০ হাজার ৭৯২ টিইইউএস। এক বছর পরে এসে দাঁড়িয়েছে ৭৩ হাজার ৫০৯ টিইইউএসে। খালি কন্টেনারের সংখ্যা ৫৯ হাজার ৭৫৬ থেকে কমে ৪৬ হাজার ৯০৫ টিইইউএসে নেমেছে।
আমদানি–রপ্তানি মিলে ২০২৬ সালের অক্টোবরে বন্দরে মোট ২ লাখ ৪৫ হাজার ২৩৩ টিইইউএস কন্টেনার হ্যান্ডলিং হয়েছে। আগের বছরের একই সময়ে এ সংখ্যা ছিল ২ লাখ ৫৪ হাজার ৭৯২ টিইইউএস। সামগ্রিক কন্টেনার হ্যান্ডলিং কমেছে ৯ হাজার ৫৫৯ টিইইউএস।
সংশ্লিষ্টরা বলছেন, পণ্যভর্তি কন্টেনারের সংখ্যা বৃদ্ধি আমদানি–রপ্তানি বাণিজ্যের প্রবৃদ্ধির একটি ইতিবাচক ইঙ্গিত। তবে সামগ্রিক কন্টেনার হ্যান্ডলিং কমে যাওয়ায় বন্দরের লক্ষ্যমাত্রা অর্জনকে চ্যালেঞ্জের মুখে ফেলবে।











