চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেনার টার্মিনালের (এনসিটি) দক্ষিণ পাশের চার নম্বর বার্থে আগুন লাগার ঘটনা ঘটে। কন্টেনার হ্যান্ডলিংয়ের গুরুত্বপূর্ণ ইকুইপমেন্ট রাবার টায়ার্ড গ্যান্ট্রি ক্রেনের (আরটিজি) ইঞ্জিনে আগুন ধরে গেলে জেটিতে তাৎক্ষণিকভাবে কন্টেনার হ্যান্ডলিং কার্যক্রম বন্ধ হয়ে পড়ে। গতকাল (সোমবার) দুপুর আড়াইটায় আগুন লাগলে বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিসের একাধিক টিম আাগুন নিভানোর উদ্যোগ নেয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে আরটিজির ইঞ্জিনে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা গেছে। এই সময় কয়েকটি কন্টেনারেও আগুন লাগতে দেখা যায়।
চট্টগ্রাম বন্দর ভারপ্রাপ্ত সচিব নাসির উদ্দিন আরটিজির ইঞ্জিনে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বড় কোন অঘটন ঘটেনি। দুয়েকটি কন্টেনারে সামাণ্য ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নিরুপণে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি। তিনি বলেন, বন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।












