চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজ লিগের প্লেয়ার্স ড্রাফট ও গালা নাইট

| বুধবার , ২১ অক্টোবর, ২০২৬ at ১০:১১ পূর্বাহ্ণ

স্পোর্টিফাই ইভেন্টস এর আয়োজনে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট টি–২০ লিগ (সিএফএল) ২০২৬ এর প্লেয়ার্স ড্রাফট ও গালা নাইট গত ১৯ অক্টোবর সন্ধ্যায় বহদ্দারহাট সংলগ্ন সিকো এরিনায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক সিরাজউদ্দিন মো. আলমগীর, বিসিবি কাউন্সিলর সাবেক জাতীয় খেলোয়াড় শহিদুর রহমান, সিজেকেএস কাউন্সিলর আমিনুল ইসলাম, সিকো এরিনার পরিচালক ইশমাম চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন ৬টি ফ্রাঞ্চাইজি দলের স্বত্ত্বাধিকারী যথাক্রমে মাহবুবুল আলম, আরেফীন চৌধুরী, সরওয়ার আলম মনি, মোহাম্মদ রনি, আবুল হাশেম রাজা, লাবিব আহমেদ, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য ফজলে দাইয়ান, জয়নাল আবেদীন, সরওয়ার হোসেন বাবু, ফজলে হাসান মাহমুদ, মির্জা শাহরিয়ার জামি প্রমুখ। অনুষ্ঠানে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচন করা হয়। এবারের আসরে মোট ৬টি ফ্র্যাঞ্চাইজি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। দলগুলো হলো ব্রাদার্স ইউনিয়ন, বেঙ্গল স্টার্স ক্রিকেট ক্লাব, এনএসটি স্পোর্টস, রাইয়ান স্পোর্টস, আম্বিয়া স্পোর্টস, বাকলিয়া অগ্রসর বয়েজ ক্লাব।

গালা নাইটে ফ্র্যাঞ্চাইজিগুলোর পরিচিতি তুলে ধরা হয় এবং দলগুলোর সরাসরি চুক্তিবদ্ধ খেলোয়াড়দের নাম ঘোষণা করা হয়। পরবর্তীতে ড্রাফট কমিশনার রবিউল হক চৌধুরী’র পরিচালনায় ১৩টি রাউন্ডে উন্মুক্ত ক্যাটাগরি ও ৯০ সেকেন্ডের নির্ধারিত সময়সীমা বজায় রেখে আধুনিক সফ্‌টওয়্যার এর মাধ্যমে অত্যন্ত সুশৃঙ্খল ও স্বচ্ছ প্রক্রিয়ায় প্লেয়ার্স ড্রাফট সম্পন্ন হয়। ড্রাফট শেষে প্রতিটি দলের ১৫জনের স্কোয়াড তৈরী হয়েছে। যেখানে প্রতি দলে রয়েছে সরাসরি চুক্তিতে (ডিরেক্ট সাইনিং) ২ জন,প্রিমিয়ার লীগ ক্যাটাগরি ৯ জন,প্রথম বিভাগ ক্যাটাগরি ৩ জন, প্রমিজিং স্টার (দ্বিতীয় বিভাগ ও এজ লেভেল) ১ জন। টুর্নামেন্ট কমিটি আগেই পারিশ্রমিক কাঠামো নির্ধারণ করেছিল। এতে ডিরেক্ট সাইনিং ৪০,০০০ টাকা,প্রিমিয়ার লীগ ক্যাটাগরি ২৫,০০০ টাকা,প্রথম বিভাগ ক্যাটাগরি ১৫,০০০ টাকা,প্রমিজিং স্টার ১০,০০০ টাকা নির্ধারণ করা হয়। উল্লেখ্য, আগামী ২২ অক্টোবর সাগরিকাস্থ বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে এবারের সিএফএল আসর। প্রতিদিন ২টি করে খেলা অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধক্রিকেটার নিশান ও ওয়াসির সম্মাননা
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে একাডেমি কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন