চট্টগ্রামে এখনো হাম পরিস্থিতির উন্নতি হচ্ছে না। এখনো প্রতিদিন গড়ে পঞ্চাশের বেশি রোগী হামের উপসর্গ নিয়ে সরকারি বেসরকারি হাসপাতালে ভর্তি হচ্ছে। এরমধ্যে উপসর্গ নিয়ে অনেক শিশু মারাও যাচ্ছে। তবে নমুনা পরীক্ষার বাইরে থাকার কারণে এসব রোগী নিশ্চিতভাবে হামে মারা যাচ্ছে কিনা সেটিও সরকারের দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন না।
চিকিৎসকরা বলছেন, হামের উপসর্গের সর্বশেষ পরিণতি হচ্ছে নিউমোনিয়া। আবার ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণেও নিউমোনিয়া হতে পারে। তবে হামের কারণে নিউমোনিয়ার পাশাপাশি আরো অনেক লক্ষণ প্রকাশ পায়।
চট্টগ্রামে হামের প্রকোপ শুরু হয় গত মার্চ মাস থেকে। সেই থেকে গতকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে রোগী ভর্তি হয়েছে ১০ হাজার ৩৭৩ জন। সিভিল সার্জনের কার্যালয়ের তথ্যমতে, এরমধ্যে সুস্থ হয়েছে ১০ হাজার ৪৪ জন। হামে আক্রান্ত হয়েছে ৮৩৭ জন। এছাড়া উপসর্গ নিয়ে মারা গেছে ২৯ জন এবং নিশ্চিত হামে মারা গেছে ৩ জন। তবে চিকিৎসকরা বলছেন, হামের উপসর্গ নিয়ে ভর্তি রোগীদের নমুনা পরীক্ষা তেমন হয়নি। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের হাম ব্লকে উপসর্গ নিয়ে আসা রোগীর চাপ রয়েছে। এছাড়া অনেক হামের রোগীকে বেড স্বল্পতার কারণে সাধারণ ওয়ার্ডে রেখে চিকিৎসা দিতে হচ্ছে। এতে দেখা যায়, সাধারণ শিশুদের মধ্যে হাম ছড়ানোর ঝুঁকি বাড়ছে। এ রকম অনেক শিশু পাওয়া যাচ্ছে, যারা হাসপাতালে অন্য রোগের জন্য ভর্তি হয়ে সুস্থ হওয়ার পর আবার হামের উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে। তাই হামের জন্য আলাদা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসা দেয়া গেলে অন্য সাধারণ রোগীরা নিরাপদ থাকতো।
চিকিৎসকরা বলছেন, হাম একটি সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা কাশি–হাঁচির মাধ্যমে ছড়ায়। জ্বর, সর্দি, কাশি ও চোখ লাল হওয়ার পর শরীরে লালচে ফুসকুড়ি দেখা দেয়। শিশুদের মধ্যে ঝুঁকি বেশি এবং জটিলতা হলে নিউমোনিয়াসহ অন্যান্য সমস্যা দেখা দিতে পারে। সময়মতো এমএমআর টিকা গ্রহণই এ রোগ প্রতিরোধের প্রধান উপায়। তবে হাম নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। যেসব শিশু নিয়মিত মায়ের বুকের দুধ খায় এবং ভিটামিন ‘এ’ ঘাটতি নেই তাদের হাম হওয়ার সম্ভাবনা কম। হাম প্রতিরোধের জন্য শিশুদের অপুষ্টি রোধ করা জরুরি। হাম এমনিতেই ভালো হয়ে যায়। যাদের ভিটামিনের ঘাটতি হয় এবং অপুষ্টিতে ভোগে তাদের হাম হলে নিউমোনিয়াসহ বিভিন্ন রোগের উপসর্গ দেখা দেয়। নিয়মিত চিকিৎসায় বেশিরভাগ শিশু ভালো হয়ে যায়। হাম ছোঁয়াছে হওয়ার কারণে রোগীদের আলাদা রেখে চিকিৎসা দিতে হয়। তবে হামের উপসর্গের দিকে অভিভাবকদের খেয়াল রাখতে হবে। বিশেষ করে যদি কোনো শিশুর জ্বরের সাথে কফ, কাশি, চোখ লাল হওয়া এবং র্যাশ আসে তাহলে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। কারণ এই রোগে নিউমোনিয়াও হতে পারে। বাসায় নিয়ে বসে থাকলে বিপদ হতে পারে। তাই অভিভাবকদের সচেতন হতে হবে। হাম রোগ নিয়ে আতঙ্কিত হওয়া যাবে না।
এদিকে সমপ্রতি চট্টগ্রাম থেকে হামের আক্রান্তদের এক গবেষণায় বলা হয়েছে, আক্রান্ত শিশুদের ৪৬ শতাংশের বয়স ছিল ৯ মাসের কম। সাধারণত ৯ মাস বয়সে হামের প্রথম টিকা দেওয়া হয়। অর্থাৎ আক্রান্ত শিশুদের একটি বড় অংশ টিকা নেওয়ার নির্ধারিত বয়সে পৌঁছানোর আগেই সংক্রমিত হয়েছে। আক্রান্ত শিশুদের বয়স ২ মাস থেকে ১১ বছর পর্যন্ত বিস্তৃত ছিল। গবেষণায় অংশ নেওয়া শিশুদের ৭৫ দশমিক ৫ শতাংশ গ্রামীণ বা প্রত্যন্ত এলাকার এবং ৬৪ দশমিক ৮ শতাংশ নিম্ন আর্থ–সামাজিক অবস্থার পরিবারের। আক্রান্ত শিশুদের মধ্যে ৩১ শতাংশ তীব্র বা একিউট পুষ্টিহীনতায় ভুগছিল। টিকা না নেওয়ার কারণ বিশ্লেষণে দেখা যায়, টিকাবিহীন শিশুদের মধ্যে ৫২ শতাংশের ক্ষেত্রে সচেতনতার অভাব বা টিকার তারিখ ভুলে যাওয়াকে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়া ৩০ শতাংশ শিশু অসুস্থ থাকার কারণে, ৮ শতাংশ মায়ের অসুস্থতার কারণে, ৪ শতাংশ টিকার ভয় এবং ৪ শতাংশ টিকা কার্ড হারিয়ে ফেলায় টিকা নেয়নি।
চমেক হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ মুসা মিঞা বলেন, হামের পরিস্থিতির এখনো উন্নতি হচ্ছে না। প্রতিদিনই হামের উপসর্গ নিয়ে রোগী ভর্তি হচ্ছে। উপসর্গ নিয়ে আসা রোগীদের মধ্যে টিকা নিয়েছে, টিকা নেয়নি এবং এক ডোজ টিকা টিকা নিয়েছে এমন রোগীও পাচ্ছি।












