পুলিশকে ফাঁকি দিতে তিন কেজি সোনা দিয়ে গিয়ার হুইল বানালেন পাচারকারী

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৩ নভেম্বর, ২০২৬ at ৭:০৩ অপরাহ্ণ

পুলিশের চোখ ফাঁকি দিতে প্রায় সোয়া তিন কেজি সোনা দিয়ে এক ব্যক্তি তৈরি করেছিলেন যন্ত্রাংশের গিয়ার হুইল। চট্টগ্রাম থেকে সেসব নিয়ে যাচ্ছিলেন ঢাকায়। উদ্দেশ্য সেখানে এই সোনা গলাবেন। কিন্তু তার আগেই সোনার গিয়ার হুইলসহ ধরা পড়েন সুধীর কুমার ধর (৪১) নামের ওই ব্যক্তি।

চট্টগ্রাম নগরের সিটি গেট এলাকায় পুলিশ চেকপোস্টের সামনে থেকে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২ টায় সোনাসহ তাকে গ্রেপ্তার করে আকবরশাহ থানা পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা সোনার পরিমাণ ৩ কেজি ১ শ ২৭ দশমিক ৭ গ্রাম।

গ্রেপ্তার সুধীর কুমার ধর চট্টগ্রামের বাঁশখালী উপজেলার উত্তর জলদী এলাকার ননী গোপালের বাড়ির বাসিন্দা।

পুলিশ জানায়, রাতে আকবরশাহ থানার এসআই মোহাম্মদ নেয়ামত উল্ল্যাহ পুলিশ সদস্যদের নিয়ে সিটি গেট এলাকায় দায়িত্ব পালন করছিলেন। এক পর্যায়ে পুলিশ চেকপোস্টের বক্সের সামনে পাকা সড়ক থেকে সুধীর কুমার ধরকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ৩ কেজি ১২৯ দশনিক ৭ গ্রাম অবৈধ স্বর্ণ উদ্ধার করা হয়।

এ ঘটনায় সুধীর কুমার ধরের বিরুদ্ধে আকবরশাহ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেপ্তার সুধীর কুমার একজন স্বর্ণ চোরাকারবারি। তিনি স্বর্ণ চট্টগ্রাম থেকে ঢাকার তাতি বাজার নিয়ে যাচ্ছিলেন। স্বর্ণগুলোর আনুমানিক মূল্য ৫ কোটি ৩৬ লক্ষ ৬২ হাজার টাকা।

পূর্ববর্তী নিবন্ধবাঁশ, বৈদ্যুতিক তার দিয়ে দফায় দফায় মারধর, পড়ে থাকা দেহের পাশে বসে ধূমপান