চট্টগ্রামে লিগ বন্ধ থাকায় খেলোয়াড়দের মাঝে হতাশা

আজ শেষ হচ্ছে সিজেকেএস এডহক কমিটির মেয়াদ

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ৩১ আগস্ট, ২০২৬ at ৮:২২ পূর্বাহ্ণ

রাজধানী ঢাকার খেলাধুলা নানা আয়োজনে ব্যস্ততার মধ্যে সময় কাটালেও রাজধানীর বাইরের অবস্থা খুবই সঙ্গীন। বাণিজ্যিক রাজধানী বলে পরিচিত দেশের দ্বিতীয় বৃহত্তম শহর চট্টগ্রামের অবস্থাও এ থেকে পৃথক নয়। চব্বিশ পাঁচ আগষ্টের পরে এখানকার খেলাধুলা কার্যত বন্ধই বলা চলে। ক্রীড়াপ্রেমী সংগঠকদের কারণে কিছু টুর্নামেন্টের আয়োজন হলেও তা মূল আয়োজনের প্রতিনিধিত্ব করতে পারে না। চট্টগ্রামে প্রায় তিন বছর ধরে জেলা লিগ নেই। কি ফুটবল বা ক্রিকেট কিংবা অন্য খেলাধুলা। লিগ আয়োজনের মাধ্যমে খেলোয়াড়দের মাঠে রাখার ব্যাপারটাই যেন উঠে যাচ্ছে। দেশের খেলাধুলার গুণগত মান উন্নয়ন করতে হলে তৃণমূলে জেলা লিগ আয়োজনের কথাই বলতে হয়। কারণ এ থেকেই খেলোয়াড়রা পর্যায়ক্রমে উঠে আসে। কিন্তু জেলা লিগই যদি না হয়, তাহলে খেলোয়াড়রা নিজেদের প্রতিভা প্রমাণ করার সুযোগ কিভাবে পাবেন। রাজধানীর বাইরে খেলোয়াড়দের ক্ষেত্রে এখন এটিই ঘটছে। একজন ফুটবলার কিংবা একজন ক্রিকেটার যখন খেলাকে পেশা হিসেবে বেছে নেয়, তখন তার একটা লক্ষ্য থাকে। সে লক্ষ্য পানে সে বছরের পর বছর অনুশীলন, সময়, অর্থ ব্যয় করে। এরপর যদি সে তা প্রমাণ করার নিয়মিত সুযোগ না পায় তাহলে দিনশেষে তার হতাশ হওয়া ছাড়া আর কোন উপায় থাকে না। চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে খেলোয়াড়দের মাঝেও ঠিক এমন চরম হতাশা বিরাজ করছে। জেলা লিগগুলো বন্ধ থাকাতে নতুন খেলোয়াড় তৈরিও বন্ধ হয়ে যাচ্ছে। যা পরবর্তীতে দেশকেই ভোগাবে। এদিকে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার একটা এডহক কমিটি দীর্ঘ দেড় বছর দায়িত্ব পালন করলেও তারা এখানে খেলাধুলা আয়োজনে কোন ভূমিকা রাখতে পারেনি। বরং এর কয়েকজন সদস্যের বিরুদ্ধে কিছু অনৈতিক কাজের অভিযোগ শোনা গেছে। এরপর জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) তিন মাসের মধ্যে নির্বাচন করে নির্বাচিত কমিটির হাতে ক্ষমতা বুঝিয়ে দেয়ার সুষ্পষ্ট নির্দেশনা দিয়ে আরেকটি এডহক কমিটিকে গত মে মাসে অনুমোদন দেয়। কিন্তু তারাও চট্টগ্রামের খেলাধুলা এবং ক্রীড়াবিদদের বাঁচানোর জন্য কার্যকর খুব একটা কিছু করে দেখাতে পারেননি। এখনো পর্যন্ত নির্বাচন কমিশনও গঠন হয়নি। এমনকি উপজেলাগুলোর কাউন্সিলরশিপও চূড়ান্ত হয়নি।

অথচ সিজেকেএস এর এই এডহক কমিটির মেয়াদ শেষ হচ্ছে আজ ৩১ আগস্ট ২০২৬। খোঁজ নিয়ে জানা গেছে বর্তমান এডহক কমিটি এনএসসি বরাবর কমিটির মেয়াদ বাড়িয়ে দেয়ার জন্য চিঠি পাঠিয়েছে,মেল করেছে। যার উত্তর এখনো আসেনি। এতে করে বোঝা যায়, নির্বাচন যত দেরি হবে, স্থানীয় ক্রীড়াবিদদের মধ্যে হতাশা আরো বাড়বে। চট্টগ্রামের ক্রীড়াঙ্গনও আরো পিছিয়ে পড়বে। এতে করে কার্যত দেশের ক্রীড়াঙ্গনও ভুগবে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বোট ক্লাবে সিবিসি মিনিবার ফুটবল টুর্নামেন্ট শুরু
পরবর্তী নিবন্ধআগ্রাবাদ,ওয়ার্লেস ঝাউতলা ও নতুন কুঁড়ির জয়লাভ