চট্টগ্রামে বিষপানে এনসিপি নেতার মৃত্যু

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৩ অক্টোবর, ২০২৬ at ৯:৩৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা তানভীরুল ইসলামের (২৬) মৃত্যু হয়েছে। বিষপানে অসুস্থ হয়ে পড়ার পর গত মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি গত বুধবার রাতে জানাজানি হয়। পুলিশ জানিয়েছে, তানভীরুল ইসলাম বিষপান করেছিলেন। তবে মৃত্যুর কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদন প্রয়োজন।

জানা যায়, তানভীরুল ইসলাম এনসিপির চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির সদস্য এবং বায়েজিদ থানা কমিটির যুগ্ম সদস্য সচিব ছিলেন। তার বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলার হিলপাড়া গ্রামে। তার বাবা মো. আবু ইউসুফ ও মা তাসলিমা বেগম। তিনি চট্টগ্রামের বায়েজিদ থানার টেক্সটাইল এলাকার জামাল উদ্দিনের বাড়িতে ভাড়া থাকতেন।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার বায়েজিদ থানার টেক্সটাইল এলাকার ভাড়া বাসায় বিষপানের পর তানভীরুল গুরুতর অসুস্থ হয়ে পড়েন। স্বজনরা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টা ২০ মিনিটে তার মৃত্যু হয়। চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে প্রবেশনে বদলেছে ১,৫৫১ লঘু অপরাধীর জীবন