শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী করে তোলা এবং বিজ্ঞানমনস্কতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশের লক্ষ্যে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো প্রথম ‘সিসিপিসি ন্যাশনাল রিসার্চ কার্নিভাল’। গতকাল চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে আয়োজিত এ অনুষ্ঠানের যৌথ আয়োজক ছিল বিজ্ঞানভিত্তিক সংগঠন বিজ্ঞানমনা ও চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ রয়্যাল সায়েন্স সোসাইটি (সিসিপিসিআরএসএস)।
‘এক্সপ্লোর, রিসার্চ, ইনোভেট’ প্রতিপাদ্যে আয়োজিত চার দিনব্যাপী এ কর্মসূচির প্রথম তিন দিন অনলাইনে গবেষণাবিষয়ক বুটক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীদের গবেষণাপদ্ধতি, তথ্য বিশ্লেষণ ও গবেষণাপত্র তৈরির বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। শেষ দিনে অনুষ্ঠিত হয় মূল কার্নিভাল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের ফরেস্ট প্রোডাক্ট উইংসের চিফ রিসার্চ অফিসার ড. মো. মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ট্রাস্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও সিনিয়র ম্যানেজার নাসরিন নাহার। উদ্বোধনী বক্তব্য দেন সিসিপিসিআরএসএসের সভাপতি আরহাব নায়িল ও বিজ্ঞানমনার প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল নাদরুন। সভাপতিত্ব করেন চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ দিদারুল আলম।
কার্নিভালে ‘রিসার্চ ম্যারাথন’ ও ‘রিসার্চ এক্সপো’ নামে দুটি বিভাগ ছিল। রিসার্চ ম্যারাথনে শিক্ষার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে গবেষণার ধারণা তৈরি, তথ্য অনুসন্ধান, বিশ্লেষণ ও উপস্থাপনার প্রস্তুতি নেন। রিসার্চ এঙপোতে গবেষণাভিত্তিক পোস্টার, দৃশ্যমান উপস্থাপনা ও বাস্তব নমুনার মাধ্যমে নিজেদের কাজ তুলে ধরেন তারা। উভয় বিভাগে অষ্টম থেকে দশম এবং একাদশ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য পৃথক প্রতিযোগিতার আয়োজন ছিল।
বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক ড. মো. সাইফুল ইসলাম ও পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক আবদুল্লাহ আল মামুন, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের প্রভাষক তানভীর মাহমুদ এবং চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের পদার্থবিজ্ঞানের শিক্ষক মোহাম্মদ জামাল উদ্দিন। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিজ্ঞানমনার চেয়ারম্যান মোহাম্মদ সাবিদ উদ্দিন, প্রধান অতিথি ও বিচারকেরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন তাসফিয়া তাহলিল, মুনতাহা হাসনাত মিষ্টি ও আহনাফ তাহমিদ।
আয়োজকদের মতে, স্কুল ও কলেজ পর্যায় থেকেই শিক্ষার্থীদের অনুসন্ধান, প্রমাণভিত্তিক চিন্তা ও সমস্যা সমাধানের চর্চায় উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। ট্রাস্ট ব্যাংক পিএলসি টাইটেল স্পনসর, দৈনিক আজাদী মিডিয়া পার্টনার, এশিয়ান উইমেন ফটোগ্রাফি ক্লাব অফিসিয়াল ফটোগ্রাফি পার্টনার এবং ইয়ুথস ভয়েস অফিসিয়াল ইয়ুথ পার্টনার হিসেবে কার্নিভালে সহযোগিতা করে।












