চট্টগ্রামে ডেঙ্গুতে নারীর মৃত্যু

নতুন আক্রান্ত ৭৩ জন

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর, ২০২৬ at ৫:৩৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ময়না আকতার (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৭ জনের। এরমধ্যে তিনজন পুরুষ ও চারজন মহিলা।

গতকাল নতুন করে আরো ৭৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট ২ হাজার ৬২১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এরমধ্যে চলতি সেপ্টেম্বরে আক্রান্ত হয়েছে ৫৮৫ জন। এর আগে গত আগস্টে মোট আক্রান্ত হয়েছে ১ হাজার ২০২ জন এবং মৃত্যু হয়েছে ২ জনের। এছাড়া গত জুলাই মাসে ডেঙ্গু আক্রান্ত হয় ৫৩৬ জন এবং মৃত্যু হয় দুই জনের। জুন মাসে আক্রান্ত ১২২ জন, মে মাসে ৩৭ জন, এপ্রিলে ২৯ জন, মার্চে ২০ জন, ফেব্রুয়ারিতে ২২ জন ও মৃত্যু ১ জনের এবং জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়েছিল ৬৮ জন।

এদিকে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় ৭৩ জন ডেঙ্গু আক্রান্তের মধ্যে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৭ জন, ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে ৯ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১০ জন, সিএমএইচ হাসপাতালে ৭ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে ১০ জন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১০ জন। অন্যদিকে চলতি বছর মোট আক্রান্ত রোগীদের মধ্যে ১ হাজার ৩৭১ পুরুষ, ৭২৫ জন মহিলা এবং ৫২৫ জন শিশু রয়েছে।

উল্লেখ্য, গত বছর ২০২৫ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৮৬৪ জন এবং মারা যান ২৭ জন। এছাড়া ২০২৪ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩২৩ জন এবং মারা যান ৪৫ জন। ২০২৩ সালে আক্রান্ত হয়েছিল ১৪ হাজার ৮৭ জন। এরমধ্যে মারা যায় ১০৭ জন এবং ২০২২ সালে মোট আক্রান্ত ৫ হাজার ৪৪৫ জনের মধ্যে মারা যান ৪১ জন।

পূর্ববর্তী নিবন্ধনৌকার সঙ্গে পানিতে বাঁধা বস্তা খুলতেই মিলল ৪২ কোটি টাকার ইয়াবা
পরবর্তী নিবন্ধনগরীর দুই ওয়ার্ডে চসিকের মশক নিধনে ক্রাশ প্রোগ্রাম