‘চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করার ঘোষণা অনতিবিলম্বে বাস্তবায়ন করুন’

বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির সভা

| রবিবার , ২২ নভেম্বর, ২০২৬ at ৯:১৩ পূর্বাহ্ণ

চট্টগ্রামকে ঘোষিত বাণিজ্যিক রাজধানী থেকে বাস্তব অর্থে একটি পূর্ণাঙ্গ বাণিজ্যিক রাজধানীতে রূপান্তর করতে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি নৌ ও বাণিজ্য মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দপ্তর, বাণিজ্যিক ব্যাংক ও বিমা প্রতিষ্ঠানের সদর দপ্তর, হাইকোর্টের একটি বেঞ্চ এবং বাংলাদেশ ব্যাংকের একজন ডেপুটি গভর্নরের কার্যালয় চট্টগ্রামে স্থাপনের দাবি জানিয়েছেন বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির কার্যকরী কমিটির চেয়ারম্যান এস এম নুরুল হক।

তিনি বলেন, চট্টগ্রামকে পরিকল্পিত ও বিশ্বমানের নগরী হিসেবে গড়ে তোলার পাশাপাশি এর ঘোষিত বাণিজ্যিক রাজধানীর মর্যাদা কার্যকর করতে হলে প্রয়োজন সুদূরপ্রসারী ও সমন্বিত উদ্যোগ। শুধু ঘোষণার মধ্যে সীমাবদ্ধ না রেখে জাতীয় অর্থনীতি ও প্রশাসনিক কর্মকাণ্ডে চট্টগ্রামের অবস্থান সুদৃঢ় করতে বাস্তবভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ জরুরি।

তিনি আরও বলেন, স্বাধীনতার আগে চট্টগ্রামে রেলওয়ের পূর্বাঞ্চলসহ ব্যাংক, বিমা ও ব্যবসা–বাণিজ্যনির্ভর অসংখ্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় ছিল। কিন্তু পরবর্তী সময়ে এসব প্রতিষ্ঠানের অনেকগুলোর সদর দপ্তর রাজধানী ঢাকায় স্থানান্তর করা হয়। এর ফলে চট্টগ্রামের অর্থনৈতিক গুরুত্ব ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা প্রত্যাশিতভাবে বিকশিত হয়নি, যা চট্টগ্রামবাসীর মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ ও হতাশার জন্ম দিয়েছে।

এস এম নুরুল হক স্মরণ করিয়ে দেন, চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের আন্দোলন–সংগ্রামের পরিপ্রেক্ষিতে ১৯৯৪ সালে লালদীঘি ময়দানে এক নির্বাচনী জনসভায় তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে ঘোষণা করেছিলেন। কিন্তু দুঃখজনকভাবে এত বছর পেরিয়ে গেলেও সেই ঘোষণার বাস্তবায়নে কার্যকর ও দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করা হয়নি। তিনি অবিলম্বে চট্টগ্রামকে প্রকৃত বাণিজ্যিক রাজধানী হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে মহান জাতীয় সংসদে একটি বিল উত্থাপনের জন্য সরকারের প্রতি জোরালো আহ্বান জানান।

সভায় সংগঠনের মহাসচিব এইচ এম মুজিবুল হক শাকুর চট্টগ্রাম নগরীর যানজট ও হকার সমস্যা নিয়ে চলমান উচ্ছেদ কার্যক্রমের সমালোচনা করে বলেন, নগরীকে যানজট ও হকারমুক্ত করার নামে বর্তমানে একধরনের প্রতিযোগিতা লক্ষ করা যাচ্ছে। সকালে হকার উচ্ছেদ করা হলেও বিকেলে রহস্যজনকভাবে তাঁরা আবারও আগের স্থানে ফিরে বসছেন। বিষয়টি নিয়ে নগরজুড়ে নানা প্রশ্নের সৃষ্টি হচ্ছে। তিনি বলেন, হকার সমস্যার স্থায়ী সমাধান করতে হলে রাজনৈতিক দল, সংশ্লিষ্ট প্রশাসন ও দায়িত্বশীল মহলের মধ্যে সমন্বিত সিদ্ধান্ত গ্রহণ অপরিহার্য। অন্যথায় এ ধরনের লোকদেখানো উচ্ছেদ অভিযান চলতেই থাকবে, কিন্তু সমস্যার স্থায়ী সমাধান হবে না। সভায় বক্তারা চট্টগ্রামের দীর্ঘদিনের উন্নয়নবঞ্চনা দূর করে নগরীকে পরিকল্পিত, আধুনিক, বাসযোগ্য ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ নগরীতে পরিণত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আন্তরিক ও সময়োপযোগী উদ্যোগ গ্রহণের দাবি জানান।

বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির কার্য নির্বাহী পরিষদের চেয়ারম্যান এস এম নুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রখেন সগঠনের মহাসচিব এইচ এম মুজিবুল হক শাকুর, স্থায়ী পরিষদের সদস্য মাহফুজুল হক শাহ্‌, সিনিয়র ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইব্রাহিম, ভাইস চেয়ারম্যান কমান্ডার ইফতেখার হাসান, গোলাম হোসেন, বেলায়েত হোসেন, ইঞ্জিনিয়ার আব্দুল মুবিন, সিরাজুল ইসলাম চৌধুরী, লায়ন মুহাম্মদ নুরুল আলম, কাজী গোলাপ রহমান, এস. এম. সিরাজুদ্দৌলা, অধ্যাপক বাহার উদ্দিন মোঃ জোবায়ের, যিকরুল হাবিবীল ওয়াহেদ, এ টিএম কামরুদ্দিন চৌধুরী (তাহের) নুরুল ইসলাম রিপন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধতারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র রক্ষায় কাজ করতে হবে