চকরিয়া পৌরসভার বহিষ্কৃত মেয়র আলমগীর চৌধুরী গ্রেপ্তার

আদালতে অসুস্থ হয়ে পড়ায় পাঠানো হলো চমেক হাসপাতালে

চকরিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ১ সেপ্টেম্বর, ২০২৬ at ৭:৫৬ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়া পৌরসভার বহিষ্কৃত মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরীকে আটকের পর দুই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে আদালতে উপস্থাপন করার সময় গুরুতর অসুস্থ হয়ে পড়লে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় তাকে।

গতকাল সোমবার বিকেল চারটার দিকে তাকে পুলিশ পাহারায় অ্যাম্বুলেন্সযোগে চট্টগ্রাম মেডিকেলের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙের চিকিৎসক রুবেল পালিত জানান, আলমগীর চৌধুরী উচ্চ রক্তচাপে ভুগছেন। সাথে মাথাব্যথা আর উচ্চমাত্রার ডায়াবেটিসও রয়েছে তার।

এর আগে রোববার রাত সাড়ে দশটার দিকে চকরিয়া পৌরশহরের চিরিঙ্গাস্থ সায়মা প্লাজার সামনে থেকে সাদা পোশাকের পুলিশ প্রথমে তাকে আটক করে। এরপর থানার ওসি আরিফুর রহমানের পুলিশ গিয়ে আলমগীর চৌধুরীকে থানায় নিয়ে যায়।

আলমগীর চৌধুরীকে দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে পুলিশ কর্তৃক আদালতে দাখিল করা কাগজপত্র সূত্রে জানা গেছে। তন্মধ্যে বিএনপি কর্মী কর্তৃক দায়েরকৃত পৌরসভায় ইজিবাইক (টমটম) পোড়ানো মামলায় তিনি এজাহারনামীয় আসামি এবং কাকারা ইউনিয়নে ছাত্রদল কর্মী মিজান হত্যা মামলায়ও গ্রেপ্তার দেখানো হয়েছে তাকে।

আলমগীর চৌধুরীর ছোট ভাই বিটু চৌধুরী জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর বিভিন্ন মামলায় তার ভাইকে আসামি করা হয়। এসব মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিন নেন।

চকরিয়া থানার ওসি আরিফুর রহমান বলেন, উচ্চ আদালত থেকে জামিন পেলেও নিম্ন আদালতে উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করে ফ্রেশ জামিন নেওয়ার বিষয়টি আলমগীর চৌধুরী নিশ্চিত করতে পারেননি। এছাড়া চকরিয়া পৌরসভার নিজপানখালী এলাকার এক বাসিন্দার দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের একটি মামলাতেও আলমগীর চৌধুরী অভিযুক্তের তালিকায় রয়েছেন। তবে ওই মামলার বাদী আদালতে আপসনামা দিয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধডেভিড ইমনের ৩ দিনের রিমান্ড