চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় পৃথক দুর্ঘটনায় এক শিশুসহ দুইজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও তিনজন যাত্রী। গতকাল রবিবার সকালে এবং দুপুরে মহাসড়কের চকরিয়ার হারবাং ইউনিয়নের পৃথক স্থানে এসব দুর্ঘটনা ঘটে।
চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশ জানায়, গতকাল সকালে একটি ট্রাক যাত্রীবোঝাই ইজিবাইককে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারায় দুইমাস বয়সী শিশু আরহাম। সে হারবাং এলাকার বোরহান উদ্দিনের কন্যা। এ সময় তার মা লাকী আক্তার, খালা উর্মি আক্তার, ইজিবাইক চালক জাফর আলম গুরুতর আহত হন। এছাড়া দুপুরে পণ্যবাহী ট্রাক চাপায় ঘটনাস্থলেই প্রাণ হারান মোটরসাইকেল আরোহী মাহবুবুর রহমান (৬৪)। তিনি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ছৈয়দাবাদ গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে।
চিরিঙ্গা হাইওয়ে পুলিশের সার্জেন্ট জাকিবুল ইসলাম ফরহাদ পৃথক দুর্ঘটনায় শিশুসহ দুইজন মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনগত পদক্ষেপ গ্রহণ শেষে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো জব্দ করা হয়েছে।










