নগরের চকবাজারে নির্মাণাধীন ভবনের আট তলা থেকে লিফটের গর্তে ফেলে কলেজ শিক্ষার্থী আশফাক কবির সাজিদকে হত্যার ঘটনার প্রধান আসামিকে আনোয়ারার উপজেলার সরকারহাট থেকে গ্রেপ্তার করেছে র্যাব। তার নাম অনিক দাস (২০)। গত শনিবার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়। অনিক দাস আনোয়ারা থানার কৈনপুরা গ্রামের বাসিন্দা। হত্যাকাণ্ডের পর থেকে তিনি পলাতক ছিলেন।
চট্টগ্রাম র্যাবের সহকারী পরিচালক (গণমাধ্যম) এআরএম মোজাফ্ফর হোসেন বলেন, অভিযান চালিয়ে অনিক দাসকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চকবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
জানা গেছে, নিহত আশফাক কবির সাজিদ নগরের বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। তার বাড়ি কঙবাজারের চকরিয়া উপজেলায়। পড়াশোনার কারণে তিনি বাকলিয়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন। একটি মোবাইল ফোনকে কেন্দ্র করে সাজিদের সঙ্গে তার বন্ধু ফারদিন হাসান এবং স্থানীয় কয়েকজন কিশোরের বিরোধ তৈরি হয়। গত ১২ এপ্রিল বিকেলে ফারদিনের সঙ্গে দেখা করতে গেলে সাজিদকে কিশোর গ্যাংয়ের সদস্যরা মারধর করে। একপর্যায়ে তাকে ভবনের ৮ম তলার লিফটের খালি গর্তে ফেলে দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা চকবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।














