সন্দ্বীপের গুপ্তছড়া ঘাট সংলগ্ন সমুদ্রে ডুবে যাওয়া একটি বাল্কহেড থেকে চারজন নাবিককে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গতকাল বুধবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, বাল্কহেডটির তলা ফেটে পানি প্রবেশ করায় সেটি চারজন নাবিকসহ ডুবতে শুরু করে। বিষয়টি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এর মাধ্যমে জানার পরপরই কোস্ট গার্ড উদ্ধার অভিযান শুরু করে। তিনি জানান, বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন সন্দ্বীপ, কুমিরা ঘাটের সার্ভিস বোট এবং গুপ্তছড়া ঘাটে অবস্থানরত বাল্কহেডের মালিকপক্ষের সমন্বয়ে একটি যৌথ উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। সবার সম্মিলিত প্রচেষ্টায় ডুবে যাওয়া বাল্কহেড থেকে চারজন নাবিককে জীবিত উদ্ধার করা হয়।
উদ্ধারের পর কোস্ট গার্ড সদস্যরা আহত ও অসুস্থ নাবিকদের প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় খাবার সরবরাহ করেন। পরে তাদের নিরাপদে বাল্কহেডের মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়। লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের সমুদ্র উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জরুরি পরিস্থিতিতে উদ্ধার কার্যক্রম পরিচালনায় বাংলাদেশ কোস্ট গার্ড সবসময় প্রস্তুত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।












