গুঁড়া দুধের প্যাকেটের মেয়াদ বাড়ল কারসাজিতে

চিটাগং ডেইরি ফুড ইন্ডাস্ট্রিজ সিলগালা

আজাদী প্রতিবেদন | সোমবার , ৩১ আগস্ট, ২০২৬ at ৭:১০ পূর্বাহ্ণ

 

প্যাকেটজাত গুঁড়া দুধের মেয়াদ শেষ হয়েছে গত ফেব্রুয়ারিতে। কিন্তু কারসাজি করে সেই মেয়াদ প্যাকেটের গায়ে এক বছর থেকে তিন বছর পর্যন্ত বৃদ্ধি করা হয়। কারসাজির মাধ্যমে মেয়াদ বৃদ্ধিসহ আরো নানা অনিয়ম করেছে নগরের আগ্রাবাদ এলাকার ‘চিটাগং ডেইরি ফুড ইন্ডাস্ট্রিজ’ নামে একটি দুগ্ধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান। যা ধরা পড়ে গতকাল রোববার জাতীয় ভোক্তাঅধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে। এসময় অনিয়ম করায় প্রতিষ্ঠানটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে সিলগালা করে দেয়া হয়। সাথে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা ও নষ্ট পণ্য ধ্বংস করার নির্দেশনা দেয়া হয়। পাশাপাশি মেয়াদ থাকা পণ্যের গুণগত মান পরীক্ষার জন্য পাঠানো হয় বিএসটিআইএ।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তাঅধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক মোহম্মদ ফয়েজ উল্লাহ। একই অভিযানে একটি ফার্মেসি ও একটি ফাস্টফুডের দোকানদারকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।

চিটাগং ডেইরি ফুড ইন্ডাস্ট্রিজের যত অনিয়ম : জাতীয় ভোক্তাঅধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, প্যাকেটজাত দুগ্ধ পণ্যের মেয়াদ গত ফেব্রয়ারি শেষ হলেও তা কালি ঘষামাজা করে ২০২৭ ও কোনোটির মেয়াদ ২০২৯ পর্যন্ত লেখা হয়।

ভোক্তাঅধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহম্মদ ফয়েজ উল্লাহ বলেন, মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধের ডেট টেম্পারিং করে মেয়াদ বাড়িয়ে পুনরায় বিক্রির উদ্দেশ্য সংরক্ষণ করেছে। এছাড়া ‘চিটাগং ডেইরি ফুড ইন্ডাস্ট্রিজ’ তাদের কারখানায় উৎপাদিত পণ্য ‘ডোনা ইন্সটেন্ট ফুল ক্রিম মিল্ক পাউডার’ নামে বাজারজাত করছিল। এক্ষেত্রে অনুমোদন না থাকা সত্ত্বেও বিএসটিআই এর লোগো ব্যবহার করে বাজারজাত করছিল। এ ছাড়া অত্যন্ত অপরিচ্ছন্ন পরিবেশে গুঁড়া দুধ প্যাকেটজাত ও সংরক্ষণ করা হচ্ছিল, যেখানে পোকামাকড়ের উপস্থিতি মেলে। পাশাপাশি ফুল ক্রিম গুঁড়া দুধ বলে বিক্রি করলেও সে পণ্যটি যথাযথভাবে যথাযথ ফর্মুলা অনুসরণ করে প্রস্তুত করেনি।

দুই প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা : একই অভিযানে মা ও শিশু হাসপাতাল সংলগ্ন জনতা ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধ বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরির অপরাধে ‘বার্গার বাইট’ নামক একটি ফাস্টফুডের দোকানকে ৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় যুবলীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ৩০
পরবর্তী নিবন্ধতিন নম্বর সংকেতের মধ্যে অসুস্থ মাকে নিয়ে উত্তাল সাগর পাড়ি