খুলশীতে পাহাড় কাটায় দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা

আজাদী প্রতিবেদন | বুধবার , ৯ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:২৩ পূর্বাহ্ণ

নগরের খুলশী থানার রূপসী হাউজিং সোসাইটি এলাকায় পাহাড় কাটার দায়ে দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। এজাহারনামীয় দুই আসামি হলেনখুলশী ফিরোজ শাহ এলাকার মো. আবু বকর সিদ্দিক (৫৭) ও সন্দ্বীপ উপজেলার বাসিন্দা মো. ছাবের (৪৭)

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের সিনিয়র টেকনিশিয়ান মো. ওমর ফারুক বাদী হয়ে গতকাল মঙ্গলবার খুলশী থানায় মামলাটি করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ১২ জনকে আসামি করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ আশফাকুর রহমানকে মামলাটির তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গোপন সংবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে গত ৭ সেপ্টেম্বর রূপসী হাউজিং এলাকায় সরেজমিন পরিদর্শন করেন পরিদর্শক মুহাম্মদ আশফাকুর রহমান ও সিনিয়র টেকনিশিয়ান মো. ওমর ফারুক। এসময় তারা বাউন্ডারি দ্বারা ঘেরা একটি প্লটে পাহাড় কাটার স্পষ্ট চিহ্ন দেখতে পান। এ সময় খাড়াভাবে কেটে ফেলা পাহাড়ের পরিমাপ করে দেখা যায় আনুমানিক ২০ হাজার ঘনফুট পাহাড় কাটা হয়েছে। এসময় উপস্থিত লোকজনের সাথে আলাপকালে পরিদর্শনকারীরা জানতে পারেন, গত ৫ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর দুপুরের মধ্যে ১০১২ জন শ্রমিক নিয়োগ করে পাহাড় কাটা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, খাড়া করে কাটার ফলে পাহাড়কে ঝুঁকিপূর্ণ করার পাশাপাশি পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের অনুমতি ব্যতিত পাহাড় কেটে আসামিরা পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত২০১০) এর ৬ () ধারা লঙ্ঘন করেছেন।

পূর্ববর্তী নিবন্ধসুতা আমদানিতে কড়াকড়ি, বন্ড সুবিধা প্রত্যাহার করল এনবিআর
পরবর্তী নিবন্ধকবরস্থানের ঝোপে স্বামীর লাশ, মাদকাসক্তির অভিযোগ স্ত্রীর