খাল, নালা দখল ও পুকুর জলাশয় ভরাটের ফলে জলাবদ্ধতা ও নগর দুর্যোগ বাড়ছে

চসিকের স্বাধীনতা বইমেলার আলোচনায় ড. ইকবাল সরোয়ার

| সোমবার , ৬ এপ্রিল, ২০২৬ at ৭:০৩ পূর্বাহ্ণ

চবি ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের প্রফেসর ড. ইকবাল সরোয়ার বলেছেন, অপরিকল্পিত নগরায়ণ, খাল, নালা দখল ও পুকুর জলাশয় ভরাটের ফলে জলাবদ্ধতা ও নগর দুর্যোগ বাড়ছে। সামপ্রতিক সময়ে ড্রেন ও খালে পড়ে মৃত্যুর ঘটনাও নগর ব্যবস্থাপনার দুর্বলতা তুলে ধরেছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঋতুচক্রে অস্বাভাবিক পরিবর্তন ইতোমধ্যে দৃশ্যমান। অতিরিক্ত গরম, অনিয়মিত বৃষ্টিপাত এবং শীতের প্রকৃতি বদলে যাওয়া এর প্রমাণ।

তিনি গতকাল রোববার নগরীর কাজীর দেউরী জেলা স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠের বই মেলা মঞ্চে স্বাধীনতা বই মেলার আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। চসিকের উদ্যোগে ১৯ দিন ব্যাপি বই মেলার ৬ষ্ঠ দিনে ‘ দেশ ও মানুষকে বাঁচাতে হলে আগে পরিবেশকে বাঁচান’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বেতার ও টেলিভিশনের শিল্পী প্রিয়া চক্রবর্তী কনিকা ও মাজহারুল ইসলাম সংগীত পরিবেশন করেন এবং চসিকের কায়সার নিলুফার কলেজ, কে বি দোভাষ স্কুল, ফতেয়াবাদ স্কুল ও কলেজের শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে ড. ইকবাল সরোয়ার বলেন, পরিবেশ নিয়ে গবেষণায় সাধারণত দুটি দর্শন অনুসরণ করা হয়, এনভায়রনমেন্টাল ডিটারমিনিজম (পরিবেশ নিয়ন্ত্রণবাদ) এবং এনভায়রনমেন্টাল পসিবিলিজম (সম্ভাবনাবাদ)। প্রথমটিতে পরিবেশ মানুষের জীবনধারা নির্ধারণ করে, আর দ্বিতীয়টিতে মানুষ প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে পরিবেশকে নিয়ন্ত্রণ করছে। তিনি বলেন, পরিবেশ রক্ষা করতে হলে সরকারী উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা জরুরি। প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল আচরণ করতে হবে। পরিবেশ বাঁচলে দেশ ও মানুষ বাঁচবে, এই উপলব্ধি ছড়িয়ে দেওয়ার ওপর জোর দেন তিনি।

চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ আলোচক ছিলেন সিটি মেয়রের জলাবদ্ধতা বিষয়ক উপদেষ্টা শাহরিয়ার খালেদ, চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিচালক সোনিয়া সুলতানা, প্রাণ প্রকৃতির সম্পাদক শারুদ নিজাম, পরিবেশ ও মানবাধিকার সংগঠক জহির উদ্দিন মো. ইমরুল কায়েস। অনুষ্ঠান পরিচালনা করেন আবৃত্তি শিল্পী প্রথিমা দাস। শেষে চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম মহিউদ্দিন শাহ আলম নিপু, প্রজ্ঞালোক প্রকাশনীর উপদেষ্টা সম্পাদক ছড়াকার মরহুম এমরান চৌধুরী ও ঝিনুক প্রকাশনীর প্রতিনিধি মরহুম মোহাম্মদ বাবুলের মৃত্যুতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি শাহাব উদ্দিন হাসান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন প্রকাশনীর স্বত্বাধিকারী ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচবি উপাচার্যের সঙ্গে কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত শিক্ষকদের মতবিনিময়
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম আঞ্চলিক ক্রিকেট অ্যাসো’র ৭ সদস্যের নতুন কমিটি ঘোষিত